IND vs AFG: দুই ম্যাচেই দুর্দান্ত ফিল্ডিং, সিরিজের সেরা ফিল্ডার হলেন বিরাট কোহলি

ভারতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচ টি দিলীপ বুধবার ঘোষণা করেন যে, ভারতের তিন ম্যাচের টি-২০ সিরিজের সেরা ফিল্ডার হলেন বিরাট কোহলি।
সিরিজের তিনটি ম্যাচে ভারতীয় ফিল্ডাররা মোট ১১টি ক্যাচ ধরেন। বিরাট কোহলি, রোহিত শর্মা ও রিঙ্কু সিং দুটি করে ক্যাচ ধরেন। ১টি করে ক্যাচ ধরেন অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে, আবেশ খান ও রবি বিষ্ণোই। রিঙ্কু বেঙ্গালুরুর সুপার ওভারে একজোড়া ক্যাচ ধরেন। দুই উইকেটকিপার জিতেশ শর্মা ও সঞ্জু স্যামসন ১টি করে স্টাম্প আউট করেন। কোহলি, স্য়ামসন, আর্শদীপ ও যশস্বী ১টি করে রান-আউটও করেন।
কোহলি সিরিজের দুটি ম্যাচে মাঠে নেমে দুর্দান্ত ফিল্ডিং করেন। বেঙ্গালুরুতে তিনি বাউন্ডারি লাইনে লাফিয়ে একটি নিশ্চিত ছক্কা বাঁচিয়ে দেন। এছাড়াও তিনি বেশ কিছু রান বাঁচান। দুর্দান্ত ফিল্ডিং করার সুবাদে কোহলি শেষমেশ জিতে নেন সেরা ফিল্ডারের পুরস্কার।
টি দিলীপ বলেন, “বিরাট কোহলি একজন বিশ্বমানের ফিল্ডার। তিনি সবসময় ম্যাচের পরিস্থিতি অনুধাবন করে ফিল্ডিং করেন। তিনি শরীর ছুঁড়ে রান বাঁচানো থেকে অন্যকে ব্যাক-আপ করা, এই সব ক্ষেত্রে অসাধারণ।”
কোহলির ফিল্ডিং দলের অন্যান্য সদস্যদেরও অনুপ্রাণিত করেছে বলে মনে করেন টি দিলীপ। তিনি বলেন, “বিরাট কোহলির মতো ফিল্ডিং করতে নতুনরা তার অর্ধেক অন্তত করে দেখাক। তাহলেই দলকে অন্যরকম দেখাবে।”