অকাল বৃষ্টিতে ভিজছে বাংলা, ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

বৃহস্পতিবার সকাল থেকেই বাংলার আকাশ মেঘলা হয়ে ওঠে। তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমে আসে। বেশ কিছু জায়গায় ‘কোল্ড ডে’-র মতো পরিস্থিতি তৈরি হয়।
কলকাতা ও সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়াতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়।
কলকাতায়ও টানা বৃষ্টিপাত হয়। যদিও ভারী বৃষ্টিপাত দেখা যায়নি। তবে বৃষ্টিপাতের পর কলকাতার তাপমাত্রা কিছুটা বেড়ে যায়। বৃষ্টির জেরে বর্ধমান শহরের ঝাপান তলা সহ বেশ কয়েকটি এলাকা জনমগ্ন হয়ে পড়ে। ব্যাহত হয় জনজীবন।
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায়ও মেঘলা আকাশ এবং কুয়াশার দেখা মেলে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে ছিল। উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়।
শুক্রবারও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকালের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। এদিকে উত্তরবঙ্গে কুয়াশার দাপট রয়েছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই কুয়াশার প্রভাব থাকবে।
অকাল বৃষ্টিতে বাংলার ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। কৃষকরা এই বৃষ্টিপাতের কারণে বেশ চিন্তিত।