খরচ ৬০০ কোটি, বিশ্বের সবচেয়ে উঁচু রাম মন্দির তৈরি হচ্ছে অস্ট্রেলিয়ায়

অস্ট্রেলিয়ার পার্থ শহরে তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু রাম মন্দির। ৬০০ কোটি টাকা ব্যয়ে ১৫০ একর জমির ওপর তৈরি হবে এই মন্দির। মন্দিরের উচ্চতা হবে প্রায় ৭২১ ফুট।

এই মন্দির তৈরি করবে শ্রীরাম বৈদিক ও সাংস্কৃতিক ট্রাস্ট। ট্রাস্টের চেয়ারম্যান ড. দিলাওয়ার সিং। তিনি গত ৩৫ বছর ধরে অস্ট্রেলিয়ায় বাস করছেন।

মন্দিরটি শুধুমাত্র একটি ধর্মীয় স্থানই হবে না, এটি হবে একটি সাংস্কৃতিক কেন্দ্রও। মন্দির চত্বরে হনুমান ভাটিকা, সীতা ভাটিকা, জটায়ু বাগ, শবরী ভান, জাময়ন্ত সদন, নাল নীল টেকনিক্যাল এবং গুরু বশিষ্ঠ নলেজ সেন্টার থাকবে। এছাড়াও, ৫৫ একর জমির ওপর তৈরি হবে সনাতন বৈদিক বিশ্ববিদ্যালয়।

মন্দির চত্বরে ১০৮ ফুট উঁচু হনুমানজির মূর্তি স্থাপন করা হবে। শিব সপ্ত সাগর নামে একটি পুকুর খনন করা হবে। ওই পুকুরের মধ্যে ভগবান শিবের ৫১ ফুটের একটি মূর্তি থাকবে।

শ্রী রাম বৈদিক ও সাংস্কৃতিক ট্রাস্টের কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল এবং তাদের পরিবারের সদস্যরা শ্রী রাম মন্দির দেখতে অযোধ্যায় পৌঁছবেন। ২৭ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার পার্থ থেকে তাঁরা যাত্রা শুরু করবেন।