“প্ল্যাটফর্ম ডানদিকে”-মেট্রোতে আর শোনা যাবে না সেই পুরনো কণ্ঠ?

কলকাতা মেট্রোর ঘোষণার কণ্ঠস্বর পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দীর্ঘ ৪ দশক ধরে বিশিষ্ট সঞ্চালক মধুমন্তী মৈত্রর কণ্ঠে এই ঘোষণা শোনা যায়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মেট্রোর উন্নতি হয়েছে, বেড়েছে রুট, অত্যাধুনিক পরিকাঠামো যুক্ত হয়েছে। আর সেই কারণেই নতুন কণ্ঠ প্রয়োজনীয় হয়ে পড়েছে।

মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (CPRO) কৌশিক মিত্র জানান, “কিছু কিছু জায়গা যেমন দক্ষিণেশ্বরে ঘোষণা হয় না। মেট্রেরেল ভাবছে নতুন কিছুভাবে ওগুলোকে ঢোকানো যায়। অনেক নতুন রেকও এসেছে। নতুন স্টেশনে যোগ করতে গেলে কাউকে দিয়ে তো করাতে হবে। নতু রেকে পুরনো ইনপুট নিচ্ছে না। নতুনকে তো ডাকত হবে, পুরনো দিয়ে কতদিন চলবে?”

অন্যদিকে ইস্ট – ওয়েস্ট মেট্রো রুটে গঙ্গার তলা দিয়ে সফরের সময় বিশেষ ঘোষণার ব্যবস্থা থাকবে বলেও জানা যাচ্ছে।

বর্তমানে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটের মধ্যে পরীক্ষামূলকভাবে তিনটি কন্ঠস্বরের ট্রায়াল চলছে। যদিও যাত্রীদের সেগুলি খুব একটা পছন্দ হয়নি বলেই খবর। সেক্ষেত্রে এখন দেখার বিকল্প হিসেবে কার কণ্ঠ বেছে নেয় মেট্রো।

নতুন কণ্ঠের জন্য মেট্রো কর্তৃপক্ষ বিভিন্ন স্তরের যাত্রীদের মতামত গ্রহণ করছে। পাশাপাশি, কণ্ঠস্বরের মান, স্বচ্ছতা, বোধগম্যতা ইত্যাদি বিষয়গুলি বিবেচনায় নেওয়া হচ্ছে।

মেট্রোর নতুন কণ্ঠ কে হবেন, তা এখনই নিশ্চিত নয়। তবে, যাত্রীদের চাহিদা এবং মেট্রোর প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে একটি উপযুক্ত কণ্ঠ নির্বাচন করা হবে বলে আশা করা যাচ্ছে।