রেশন বন্ধ হবে রাজ্যের সাধারণ মানুষের? হঠাৎই টাকা আটকে দিল কেন্দ্র, উদ্বিগ্ন মমতা সরকার

পশ্চিমবঙ্গে রেশনের টাকা বন্ধ করে দিল কেন্দ্র সরকার। এই টাকা বন্ধ হওয়ায় বিপাকে পড়তে চলেছে রাজ্য সরকার।
সূত্রের খবর, জাতীয় খাদ্য সুরক্ষা আইনের (NFSA) আওতায় পশ্চিমবঙ্গের ৬ কোটি ১ লক্ষ গ্রাহককে রেশন দেওয়ার কথা কেন্দ্রের। এই পরিমাণ গ্রাহককে রেশন দেওয়ার জন্য কেন্দ্র যে টাকা পাঠায়, সেই টাকা দিয়ে রাজ্য ধান ক্রয় করে গ্রাহকদের দেয়।
কেন্দ্রের শর্ত অনুযায়ী, প্রতিটি রেশন দোকানের সামনে ফ্লেক্স বা ব্যানার ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি টাঙাতে হবে। শুধু তাই নয়, রেশন নেওয়ার পর পয়েন্ট অফ সেল (POS) মেশিন থেকে যে স্লিপ (Acknowledgement Slip) বের হয় সেই স্লিপে জাতীয় খাদ্য সুরক্ষার (NFSA) লোগো থাকাও বাধ্যতামূলক।
কেন্দ্রের অভিযোগ অনুযায়ী, এই শর্তগুলি মানেনি পশ্চিমবঙ্গ সরকার। তাই রেশনের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে।
রাজ্যের দাবি, শুধুমাত্র প্রধানমন্ত্রী বা জাতীয় খাদ্য সুরক্ষার লোগো থাকতে হবে কেন?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্র টাকা না দিলেও রাজ্য নিজের রেশন প্রকল্প চালিয়ে যাবে। তবে কতদিন রাজ্য একা এই পরিস্থিতি সামলাতে পারবে তা এখনই বলা যাচ্ছে না।
সূত্রের খবর, ইতিমধ্যেই ধান কেনার জন্য রাজ্য অর্থ দফতরকে চিঠি দিয়েছে রাজ্য। চাল চেয়ে খাদ্য নিগম তথা এফসিআইকেও চিঠি পাঠিয়েছে খাদ্য দফতর। তবে কবে সেই চাল মিলবে তা এখনও জানা যায়নি।
কেন্দ্র-রাজ্য বিরোধের কারণে পশ্চিমবঙ্গে একের পর এক কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ হচ্ছে। রেশনের টাকা বন্ধ হওয়ায় রাজ্যের সাধারণ মানুষের জীবনযাত্রায় আরও অনিশ্চয়তা দেখা দিয়েছে।