ফ্রি ফায়ার আইডি নিয়ে বন্ধুদের মধ্যে ঝগড়া, নাবালককে খুনের পর দেহ পুড়িয়ে দিল ৪ বন্ধু

মুর্শিদাবাদের ফরাক্কায় ফ্রি ফায়ার আইডি নিয়ে বিবাদের জেরে বন্ধুদের হাতে খুন হয়েছে এক নাবালক। নিহতের নাম পাপাই দাস। জানা গিয়েছে, গত কয়কেকদিন ধরে নিখোঁজ ছিল পাপাই দাস। পরিবারের পক্ষ থেকে ফরাক্কা থানায় নিখোঁজ ডাইরিও করা হয়। এর পরই মৃতের চার বন্ধুকে জেরা করতে শুরু করে পুলিশ।

জানা গেছে, পাপাইয়ের কাছে আইডিটি ব্যবহারের জন্য চায় তার বন্ধুরা। পাপাই দিয়েও দেয়। অভিযোগ, এরপর একজনের সহযোগিতায় আর এক জন গোটা আইডিটি পালটে ফেলে। এর জেরেই বন্ধুদের সঙ্গে বিবাদ বাধে পাপাইয়ের। আর সেই বিবাদের পরিণতি হিসেবেই বন্ধুদের হাতে খুন হতে হল পাপাইকে।

পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, খুনের পর প্রথমে দেহটি জঙ্গলে ফেলে দেয় অভিযুক্তরা। কিন্তু ধরা পড়ে যাওয়ার আতঙ্কে ৬০ টাকা দিয়ে পেট্রল কেনে ওই কিশোররা। ফিরে যায় জঙ্গলে। বন্ধুর গায়ে পেট্রল ঢেলে জ্বালিয়ে দিয়ে বাড়িতে ফিরে যায়।

ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য। অভিযুক্তদের গ্রেফতার করেছে ফরাক্কা থানার পুলিশ।