আবারও উত্তপ্ত নবদ্বীপের বিদ্যাসাগর কলেজ, দুই পক্ষের সংঘর্ষে সরগরম ক্যাম্পাস
January 17, 2024

নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে দুই পক্ষের সংঘর্ষের পর পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। মঙ্গলবারে এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কলেজ চত্বরে। অভিযোগ উঠে, এবিভিপি-র কয়েকজন সমর্থক ওই ছাত্রীকে শ্লীলতাহানি করে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে এবিভিপি।
বুধবার এবিভিপি ও টিএমসিপি-র সমর্থকেরা কলেজের সামনে বিক্ষোভ দেখায়। এবিভিপি অভিযোগ করে, তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। অন্যদিকে, টিএমসিপি-র অভিযোগ, এবিভিপি কলেজকে উত্তপ্ত করার চেষ্টা করছিল।
ঘটনার খবর পেয়ে কলেজ চত্বরে পৌঁছন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। তিনি পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেন। এরপর পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।