চাঁদের কক্ষপথে ঢুকে পড়েছে SLIM, চলতি সপ্তাহেই চাঁদে নামবে জাপানি চন্দ্রযান

২০ জানুয়ারি জাপানের স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে চাঁদের মাটি স্পর্শ করবে জাপানি চন্দ্রযান SLIM। এটি সফল হলে জাপান চাঁদের মাটি স্পর্শ করা বিশ্বের পঞ্চম দেশ হিসেবে বিরল কৃতিত্ব অর্জন করবে।
চাঁদের কক্ষপথে ঢুকে পড়ার পর SLIM-এর অবতরণ প্রক্রিয়া শুরু হবে রাত ৮টা ৩০ মিনিটে। প্রায় ২০ মিনিট পরে চাঁদের মাটি স্পর্শ করবে চন্দ্রযানটি।
জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাপান এ্যরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (JAXA) গত বছর ৭ সেপ্টেম্বর SLIM-এর সফল উৎক্ষেপণ করেছিল। তানেগাশিমা স্পেসপোর্ট থেকে উৎক্ষেফণ করা হয়েছিল।
SLIM-এর ওজন প্রায় ৫৯০ কিলোগ্রাম। ভারতের পাঠানো চন্দ্রযান-৩ থেকে SLIM-এর ওজন প্রায় ৭ গুণের বেশি কম। মহাকাশযানটির সঙ্গে রকেটে চাপিয়ে অত্যাধুনিক X-ray স্পেস টেলিস্কোপ XRISM উৎক্ষেপণ করেছিল জাপান।
হিসেব মতো ভারতের চন্দ্রযান-৩ চাঁদের মাটি স্পর্শ করার দুই সপ্তাহের পর SLIM চাঁদের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। গত ২৫ ডিসেম্বর চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে বলে জানিয়েছে জাপানি মহাকাশ সংস্থা।
জাপানের মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, SLIM নিরাপদ ল্যান্ডিংয়ের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। চাঁদের ১৩ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং ২৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে মাঝামাঝি জায়গায় অবতরণ করানো হবে।
চাঁদের মাটি স্পর্শ করার পর SLIM-এর কাজ শুরু হবে। চন্দ্রযানটি চাঁদের মাটি থেকে নমুনা সংগ্রহ করবে এবং চাঁদের ভূপৃষ্ঠের গঠন ও রাসায়নিক উপাদান সম্পর্কে তথ্য সংগ্রহ করবে।
চন্দ্র অভিযানে ভারতের সাফল্যের পর জাপানের চন্দ্রযান SLIM-এর সাফল্য বিশ্বের মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।