‘আমি আসলে স্ট্রাগল করি না, স্ট্রাগল শব্দটায় বিশ্বাসও করি না’: মোশাররফ করিম

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম পশ্চিমবঙ্গেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। বড় পর্দার সিনেমা থেকে শুরু করে ওটিটি সিরিজেও তিনি অভিনয় করেছেন বিভিন্ন চরিত্রে। এবার তিনি আসছেন ‘হুব্বা’ সিনেমার মাধ্যমে।

হুগলির গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনীনির্ভর এই সিনেমা পরিচালনা করেছেন ব্রাত্য বসু। আগামী শুক্রবার কলকাতা ও ঢাকায় একযোগে মুক্তি পাচ্ছে এই সিনেমা।

সিনেমাটি নিয়ে মোশাররফ করিম বেশ আশাবাদী। তিনি বলেন, “আমার এই ছবির প্রযোজক ফিরদৌস এবং পরিচালক ব্রাত্য বসু ভীষণ খুশি। ডাবিংয়ের সময় আমি নিজেও সিনেমাটা দেখিছি। সাধারণত আমার ছবি নিয়ে এতটা সন্তুষ্টি প্রকাশ করি না। কিন্তু ‘হুব্বা’–র ক্ষেত্রে আমি সন্তুষ্ট।”

‘হুব্বা’ সিনেমায় মোশাররফকে দেখা যাবে বৈচিত্র্যে ভরা এক চরিত্রে। তিনি বলেন, “চরিত্রটি নিয়ে যেমন একটা থ্রিল যেমন ছিল, তেমনই আমি ভয়েও ছিলাম। চরিত্রটা মানসিকভাবে নেওয়াটাই একরকম চ্যালেঞ্জ ছিল। কারণ, এই চরিত্রের অনেকগুলো স্তর ছিল।”

মোশাররফ জানান, অভিনয়ের জন্য তিনি অনেক পরিশ্রম করেছেন। তবে তিনি ‘স্ট্রাগল’ শব্দটিতে বিশ্বাস করেন না। তিনি বলেন, “আমি আসলে স্ট্রাগল করি না। স্ট্রাগল শব্দটায় বিশ্বাসও করি না। আমি অভিনয়কে ভালোবাসি। সেইজন্য যদি ১০মাইল হেঁটে রিহার্সালে যেতে হয় এবং সেই পরিশ্রমে আনন্দ লাগে, তাহলে এটাকে কেন আমি স্ট্রাগল বলব?”

‘হুব্বা’ সিনেমাটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দর্শকদের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। মোশাররফ করিমের অভিনয়শৈলী দর্শকদের মুগ্ধ করবে বলে আশা করা যায়।