‘রামকে নিয়ে রাজনীতি করি এবং করব’, দেবশ্রী চৌধুরীর বক্তব্যে শোরগোল

রাম মন্দির প্রতিষ্ঠা নিয়ে রাজনীতি নিয়ে বিতর্ক চলছে। বিজেপির রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী রাম মন্দির নিয়ে রাজনীতি করাটাই শ্রেয় বলে দাবি করেছেন। তিনি বলেন, “আমরা রামকে নিয়েই রাজনীতি করি এবং করব। এটা ভারতবর্ষের প্রাণ।” সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বিস্ফোরক রায়গঞ্জের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী।

তৃণমূলের রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী দেবশ্রী চৌধুরীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, “ওঁর কথার আমরা গুরুত্ব দিতে চাই না। ওঁর মুখে রামের ত্যাগ এবং রাম রাজত্বের কথা মানায় না। উনি যেভাবে মানুষের সঙ্গে ব্যবহার করেন, তাতে এসব কথা ওঁকে মানায় না।”

রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানকে বিজেপির আত্মকেন্দ্রীকরণ করা নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “আমরা ভগবান রামকে পুজো করি। তাঁকে হৃদয়ে রাখি, মন্দিরে পুজোও করি। কিন্তু, বিজেপি রামকে নির্বাচনী এজেন্ডা হিসেবে ব্যবহার করে। ভোটের জন্য ব্যবহার করে।”

রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে যে, বিজেপি যে রাম মন্দির প্রতিষ্ঠা নিয়ে লোকসভা নির্বাচনের আগে রাজনীতি করছে, মানুষের সমর্থন টানতে মন্দির উদ্বোধনের ইস্যুটিকে ব্যবহার করবে।