মুখ্যমন্ত্রীকে বৈঠকের জন্য আহ্বান, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন

পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত সংগ্রামী যৌথ মঞ্চ আগামী ১৯ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বৈঠকে বসার জন্য আহ্বান জানিয়েছে। মঞ্চের তরফে বলা হয়েছে, এর আগে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করে সমস্যার কোনও সুরাহা হয়নি। তাই মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি বৈঠক করে সমস্যার সমাধানের আশা করছেন তাঁরা।

সোমবার সংগ্রামী যৌথ মঞ্চের তরফে সাংবাদিক বৈঠক করা হয়। সেখানেই জানানো হয়, আগামী ১৯ জানুয়ারি পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। বেলা বারোটা থেকে মিছিল শুরু হয়ে শহিদ মিনারে গিয়ে উপস্থিত হবে।

সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ বলেন, “সারা দেশের মধ্যে এ রাজ্যের সরকারি কর্মচারী সব থেকে কম বেতন পান। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতো আমাদেরও কেন্দ্রীয় হারে মহার্ঘ্য ভাতা দেওয়া উচিত। কিন্তু সরকার আমাদের দাবি মেনে নিতে চাইছে না। তাই ২৯ তারিখ থেকে লাগাতার ধর্মঘট পালন করা হবে। রাজ্যের অচলাবস্থার জন্য তখন আমাদের মুখ্যমন্ত্রী এবং প্রশাসন দায়ী থাকবেন।”

উল্লেখ্য, এ রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা সংক্রান্ত মামলা বর্তমানে সুপ্রিম কোর্ট বিচারাধীন। আগামী ৫ তারিখের পর মামলাটির শুনানি রয়েছে। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে দিকেই তাকিয়ে রয়েছে সরকারি কর্মচারীদের একাংশ।