পাঁশকুড়ায় সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের জয়, মুখ থুবড়ে পড়ল রাম-বাম ‘জোট’

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় অনুষ্ঠিত পুলশিটা পল্লীশ্রী সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। নির্বাচনে মোট ১২টি আসনের মধ্যে তৃণমূল ৭টি আসনে জয়ী হয়েছে। বাম-বিজেপি জোটের দখলে গিয়েছে ৫টি আসন।
ফলাফল ঘোষণার পর তৃণমূল কর্মী-সমর্থকরা বিজয় মিছিল বের করে। মিছিলে বাধা দেওয়ায় তৃণমূলের কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। অভিযোগ উঠেছে, পুলিশকে ঠেলেই বিজয় মিছিল এগিয়ে নিয়ে যায় তৃণমূল।
তৃণমূল কংগ্রেসের পাঁশকুড়া ব্লক সভাপতি সুজিত রায় বলেন, “সিপিএম ও বিজেপি জোট করে লড়াই করছিল। অন্যদিকে ১২টি আসনে তৃণমূল লড়াই করেছে। ৭ জন প্রার্থী তৃণমূলের নির্বাচিত হয়েছে। বোর্ড তৃণমূল পুনরায় দখল করেছে।”
সিপিএম নেতা নিতাই সান্নিগ্রাহী বলেন, “সংরক্ষিত আসনে প্রার্থী দিতে পারিনি, ৮টি আসনে প্রার্থী দিয়েছিলাম। তার মধ্যে ২ আসনে আমাদের প্রার্থী জয়ী হয়েছেন। শাসকদল সমস্ত নির্বাচনে রাম-বাম জোট খাড়া করে বামপন্থীদের খাটো করার চেষ্টা করে। রাম-বামের নীতিতে আকাশ পাতাল ফারাক। জলে-তেলে যেমন মেশে না, তেমনই বামপন্থী ও বিজেপির রাজনীতির মধ্যেও মিলমিশ নেই।”
রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, লোকসভা নির্বাচনের আগে এই পূর্ব মেদিনীপুরের বুকে তৃণমূলের এই জয় বিশেষ তাৎপর্যপূর্ণ।