তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে ED তল্লাশি, মোবাইল নিয়ে গেলেন গোয়েন্দারা

পুরনিয়োগ দুর্নীতি মামলায় বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে শুক্রবার সকালে অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। প্রায় দশ ঘণ্টার বেশি সময় ধরে তল্লাশি চালানোর পর সন্ধ্যা ৬টা নাগাদ তদন্তকারীরা তাঁর বাড়ি থেকে বেরিয়ে যান।

তল্লাশির পর সংবাদমাধ্যমের সামনে তাপস রায় বলেন, “ওরা ভোরে এসেছিল। যা বলার ওরা বলবে। একটি টিম আসে। ইডি যে কারণে সেই কারণে এসেছিল।”

তিনি বলেন, “আমার কোনও রকম কোনও নিয়োগ দুর্নীতির সঙ্গে কোনও জড়িত থাকার সুযোগ ছিল না, জড়িত নয়ও। আমি এই নিয়ে কিছু বলতে পারব না। যা বলার ওরা বলবে। আমি আমার রাজনৈতিক জীবনে কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলাম না, আজও নেই। আমার কিছু বলার নেই। আমার মনে হয় রাজনীতি করি বলে হয়তো এই তল্লাশি। আমার মোবাইলটা নিয়ে গিয়েছে।”

সুজিত বসুর বাড়িতেও তল্লাশি চালিয়েছে গোয়েন্দারা। জানা গিয়েছে, পুরনিয়োগ দুর্নীতিতেই এই তৎপরতা।

এদিকে দক্ষিণ দমদমের কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। তিনি বলেন, “আমি চেয়ারম্যান থাকাকালীন চাকরি হয়েছে। তবে কোনও সুপারিশ হয়নি বা আসেনি। নিয়ম মোতাবেক নিয়োগ করা হয়েছে। অভিযোগ উঠতেই পারে।” তিনি বলেন, “রাজনৈতিক চক্রান্ত চলছে। নিয়ম মেনে নিয়োগ হয়েছে।”

তৃণমূল নেতা এবং মন্ত্রীদের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির হানা নিয়ে সুর চড়ান যুব তৃণমূল কংগ্রেস রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। তিনি বলেন, “বিজেপি রাজনৈতিকভাবে তৃণমূলের সঙ্গে লড়তে পারছে না। তাই ইডি এবং সিবিআইকে পাঠাচ্ছে। তদন্ত তদন্তের মতো চলবে বলেও মন্তব্য তাঁর।”