বাজারে ওজনে কারচুপি, মাছ বিক্রেতাকে জরিমানা ও বাটখারা বাজেয়াপ্ত

মালদার ঝলঝলিয়া বাজারে ক্রেতাদের সঠিক ওজনের সামগ্রী পাচ্ছেন কি না তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার অভিযান চালায় লিগাল মেট্রোলজি ও ক্রেতা সুরক্ষা দফতরের কর্তারা। বেশ কয়েকজন ব্যবসায়ীর পণ্য সামগ্রী ওজন করে দেখা হয়। এদিন ওজনে কম পরিমাণে মাছ দিয়ে হাতেনাতে ধরা পড়েন এক মাছ বিক্রেতা। ওই বিক্রেতার থেকে জরিমানা আদায়ের পাশাপাশি বাটখারা বাজেয়াপ্ত করা হয়েছে।

অভিযানে আসা কর্তাদের দাবি, জেলাশাসকের নির্দেশে জেলার বিভিন্ন বাজারে এই ধরনের অভিযান চলছে। অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপও নেওয়া হচ্ছে।

ওজন, মাপ ইত্যাদি সংক্রান্ত কারচুপি দেখার দায়িত্ব ক্রেতা সুরক্ষা দফতরের অধীন লিগাল মেট্রোলজি বিভাগের। রাজ্যের বিভিন্ন বাজার, ব্যবসায়ী প্রতিষ্ঠান, শপিংমলে ওজনে কারচুপি ধরার কাজে অভিযান চালায় ওই দফতর। তবে অভিযোগ, জেলায় জেলায় এই দফতরের যতটা তৎপর থাকা উচিত তা হয় না। অভিযানও কম হয়। ক্রেতারা তাঁদের অধিকার নিয়ে সচেতন নয়। ফলে অসাধু ব্যবসায়ীদের পোয়া বারো।

রাজ্য তথা দেশে এরকম বহু নজির রয়েছে। ২০২১ সালের ডিসেম্বরে হিমাচলের মানালির একটি দোকান থেকে পথকুকুরদের খাওয়ানোর জন্য একটি নামকরা সংস্থার বিস্কুট কেনেন এক ব্যক্তি। বিস্কুটের প্যাকেটে লেখা ছিল তাতে ১৬টি করে বিস্কুট আছে। কিন্তু প্যাকেট খোলার পর দেখা যায়, প্যাকেটে রয়েছে ১৫টি করে বিস্কুট। একটি বিস্কুট কম। ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হলে এক লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয় কোম্পানিকে।

এ রাজ্যেও ওজনে কারচুপি, কম সামগ্রী দেওয়ার অভিযোগে বহু ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মোটা টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি ক্রেতা সুরক্ষা আদালত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছে এমন বহু ক্ষেত্রে।