স্থিতিশীলতা না আসা পর্যন্ত সেনা মোতায়েন থাকবে, চিনকে হুঁশিয়ারি সেনাপ্রধান মনোজ পান্ডের

ভারত-চিন সীমান্তে উত্তেজনা নিরসন কবে নাগাদ সম্ভব হবে, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে বৃহস্পতিবার বলেছেন, পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত নিয়ন্ত্রণরেখায় সেনা মোতায়েন থাকবে। সেই সঙ্গে স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশের সেনা পর্যায়ে আরও আলোচনার প্রয়োজন আছে বলে মনে করছেন তিনি।
সেনাপ্রধানের বক্তব্যে স্পষ্ট হয়েছে যে, দুই দেশের মধ্যে সীমান্ত বিরোধ এখনও সমাধান হয়নি। চলমান আলোচনায় কিছু অগ্রগতি হলেও, বেশ কয়েকটি ক্ষেত্রে এখনও রফাসূত্র বের হয়নি। বিশেষ করে ডেপসাং এবং ডেমচোক সেক্টরে উত্তেজনা কমানো যায়নি।
সেনাপ্রধান আরও বলেছেন যে, বেজিংয়ের কোনও রকম প্ররোচনার ফাঁদে পা না দেওয়ার জন্য সেনাবাহিনীকে সতর্ক করে দেওয়া হয়েছে। স্থিতাবস্থা না ফেরা পর্যন্ত প্রয়োজনে আরও বাহিনী মোতায়েন করা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
সম্প্রতি লাক্ষাদ্বীপ নিয়ে ভারত-মলদ্বীপের মধ্যে কূটনৈতিক স্তরে শৈত্য সম্পর্ক তৈরি হয়েছে। এরই মধ্যে চিন সফর করছেন মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজু। চিনকে পুরনো বন্ধু বলে সম্বোধন করেছেন তিনি। বেজিংয়ের পক্ষ থেকে মলদ্বীপের সার্বভৌমত্ব রক্ষায় দেওয়া হয়েছে আশ্বাস। তারই মধ্যে চিন নিয়ে ভারতীয় সেনাপ্রধানের বক্তব্য, যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।