মর্মান্তিক! চিতাবাঘের হানায় নাবালিকার মৃত্যু, শোকের ছায়া এলাকা জুড়ে

আলিপুরদুয়ারের বীরপাড়া চা-বাগানে দিনেদুপুরে এক কিশোরীর মৃত্যুতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত সাড়ে চার মাসে ওই এলাকায় চিতাবাঘের হানায় চার জনের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর আড়াইটার দিকে বীরপাড়া চা-বাগানের রমণ লাইন শ্রমিক মহল্লায় খেলা করছিল প্রতীক্ষা ওঁরাও (৯) নামে এক কিশোরী। সেই সময় একটি চিতাবাঘ তাকে তুলে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। দীর্ঘ তল্লাশির পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কিশোরীর খোঁড়া ও ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, চিতাবাঘের আক্রমণেই কিশোরীর মৃত্যু হয়েছে। কিশোরীর মা ও বাবা পরপর মারা যাওয়ায় সে তার মামা ভীম ওঁরাওয়ের কাছে থাকতো।
কিশোরীর মৃত্যুতে চা-বাগান জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শ্রমিক মহল্লাগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘাতক চিতাবাঘটিকে বন্দি করতে খাঁচা পাতার সিদ্ধান্ত নিয়েছে বনদপ্তর।