খোঁজ মিলল বিশ্বের বৃহত্তম হিরের খনির, খুব শীঘ্রই শুরু হচ্ছে উত্তোলনের কাজ

আফ্রিকার দেশ বতসোয়ানায় বিশ্বের বৃহত্তম হিরের খনির সন্ধান মিলেছে। আগামী মে মাস থেকে এই খনি থেকে হিরে উত্তোলন শুরু হবে। হিরে উত্তোলনে ডি বিয়ার্স সংস্থা ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে।
আগামী মে মাস থেকে ডি বিয়ার্সের সঙ্গে যৌথভাবে দুই ধাপের উত্তোলন প্রক্রিয়া শুরু হবে। প্রথম ধাপে প্রতি বছর ৯ মিলিয়ন ক্যারেট হিরে উত্তোলন করা হবে। দ্বিতীয় ধাপে এই পরিমাণ আরও বৃদ্ধি পাবে। আগামী ২০ বছর ধরে খনন প্রক্রিয়া চলবে বলে জানিয়েছে ডি বিয়ার্স।
আফ্রিকার দেশগুলির মধ্যে সবেচেয়ে বেশি হিরের খনি আছে বতসোয়ানায়। দেশের অর্থনীতির ভিত্তি দাঁড়িয়ে আছে এই হিরের উপর। সম্প্রতি বছরগুলিতে এই অঞ্চলের খনি থেকে হিরে উত্তোলনের জন্য আরও গভীর খনন করতে হচ্ছে। কারণ, খনির কাছাকাছি হিরের পরিমাণ পেয়েছে হ্রাস। এতে বৃদ্ধি পেয়েছে খরচ। এই কারণে হিরে সংস্থাগুলির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির পরিকল্পনা নিয়েছে আফ্রিকার দেশটি।
বিশ্বে হিরে উৎপাদনকারী দেশগুলির মধ্যে রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, বতসোয়ানা, গিনি, দক্ষিণ আফ্রিকা উল্লেখযোগ্য। রাশিয়া বিশ্বের মোট উৎপাদনের ৩০ শতাংশ হিরে জোগান দেয়। বতসোয়ানা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিরে উৎপাদনকারী দেশ।
বতসোয়ানায় বিশ্বের বৃহত্তম হিরের খনির উত্তোলন শুরু হওয়ার ফলে দেশটির অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। এছাড়াও, এই খনির মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বতসোয়ানার অবস্থান আরও শক্তিশালী হবে।