পরপর তিনটি কনসার্ট ঘিরে তীব্র উত্তেজনা, মুখ খুললেন রূপম ইসলাম

রূপম ইসলামের কনসার্টে জনপ্রিয়তা যেন কোনও সীমা মানে না। তার কনসার্ট শোনার জন্য পাঁচিল টপকানো প্রজন্ম ছিল-আছে-থাকবে। সম্প্রতি রূপম ইসলামের পরপর তিনটি কনসার্ট ঘিরে তীব্র উত্তেজনা দেখা গেল।
মঙ্গলবার মধ্যমগ্রাম পরিবেশ মেলায় মুক্ত মঞ্চে অনুষ্ঠান করার কথা ছিল ফসিলসের। আর তা শুনেই কাতারে কাতারে ভিড় করেন ভক্তরা। পরিস্থিতি এমন হয় যে মাঝপথে কনসার্ট থামাতে হয় রূপমকে।
বুধবার দমদম সংগীত মেলাতেও ফসিলসের অনুষ্ঠানের বাইরে নামে শ্রোতাদের স্রোত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাইরে লাঠি চার্জ করতে হয় পুলিশকে।
বুধবার কালনার পুরাতন বাসস্ট্যান্ডে আয়োজিত হয়েছিল পিঠে পুলি উৎসব। রূপম ইসলামের শোয়ের জন্য সন্ধ্যার অনেক আগেই মাঠে বহু দর্শকরা ভিড় করেন। প্রবল ভিড়ে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয় ওই কনসার্টস্থলে। দু’জনকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
এই বিশৃঙ্খলার কারণ নিয়ে উঠছে একগুচ্ছ প্রশ্ন। কেউ বলছেন, অতিরিক্ত ভিড়ের কারণেই এমন হয়েছে। কেউ বলছেন, নিরাপত্তার অভাব ছিল। আবার কেউ বলছেন, ভক্তদের উচ্ছ্বাসই এর কারণ।
কালনার অনুষ্ঠান প্রসঙ্গে রূপম ইসলাম বলেন, ‘কালনাতে আমরা সুন্দরভাবেই অনুষ্ঠান করেছি। কোথাও কোনও সমস্যা হয়নি। যা হয়েছে বাইরে হয়েছে। পুলিশ প্রশাসনের থেকে সম্পূর্ণ সাহায্য পেয়েছি।’
কনসার্টভ্যেনুর বাইরে মারপিট প্রসঙ্গে এই শিল্পী বলেন, ‘যখন থেকে শো করছি তখন থেকেই লোকে পাঁচিল টপকান বলে জানি। এমনকী, অরিজিৎ সিংও বলেছিলেন তিনিও নাকি পাঁচিল টপকাতেন। বহু বিখ্যাত শিল্পী যাঁরা আজ তারকা তাঁদের সঙ্গে দেখা হলে বলেন, একসময় তাঁরাও নাকি আমার শো দেখার জন্য পাঁচিল ডিঙিয়েছেন। আমার শিল্পী জীবনের ছোটবেলা থেকেই তা শুনে আসছি। কাজেই এটা আমার কাছে নতুন নয়।’