শুভেন্দুর গড়ে তৃণমূলের বড় জয়, পঞ্চায়েত নির্বাচনের কয়েক মাসের মধ্যে ঘুরে দাঁড়াল শাসকদল

লোকসভা নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের এক সমবায় সমিতির নির্বাচনে জয়লাভ করেছে শাসকদল তৃণমূল। রাম-বাম জোটের জোট ভেঙে লড়াই করেও পরাজিত হয়।
মহিষাদল ব্লকের রমণী মোহন মাইতি গ্রাম পঞ্চায়েতের টাঠারিবাড় কৃষি সমবায় সমিতির মোট ভোটার ১৩০০। মোট আসন ছিল ৬১টি। মোট ১২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৬১টি আসনের মধ্যে শাসকদল তৃণমূল ৩৬ এবং রাম-বাম জোট ২৫টি আসনে জয়লাভ করে।
ফলাফল প্রকাশের পর সবুজ আবির উড়িয়ে মাতলেন শাসকদল তৃণমূলের কর্মী সমর্থকেরা। বিশেষ ভাবে উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনে এই এলাকায় খারাপ ফল হয়েছিল তৃণমূলের। পঞ্চায়েত দখল করেছিল তৃণমূল। সেই পঞ্চায়েতেই সমবায় সমিতির নির্বাচনে খেল দেখাল ঘাস ফুল। রমণী মোহন মাইতি গ্রাম পঞ্চায়েত বিজেপি দখলে থাকলেও সমবায়ে দখল নিল শাসকদল তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনের কয়েক মাসের মধ্যে ঘুরে দাঁড়াল শাসকদল।
তৃণমূলের দাবি, অশুভ আঁতাতের বিরুদ্ধে মানুষ রায় গিয়েছে। গ্রামের নিচু স্তর পর্যন্ত যে উন্নয়ন করেছেন, তারই বহিঃপ্রকাশ দেখা গিয়েছে আজকের ফলাফলে। পঞ্চায়েত নির্বাচনে তাদের বিরুদ্ধে অপপ্রচারের জন্য তারা পিছিয়ে গিয়েছিলেন।
তবে বিজেপি এটাকে বড় জয় বলে মনে করছেন। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, আগে এই সমবায় সমিতিতে বিজেপির কোনও আসন ছিল না। লড়াই করে ২৫ টি আসন পেয়েছি। তাদের দাবি, আগামীদিনে বিরোধী আসনে বসবে তৃণমূল।