SPORTS: অবসরের পরিকল্পনা জানালেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী

১৯ বছরের ক্যারিয়ার তার। এই ১৯ বছরে ভারতের হয়ে ১৪৫টি ম্যাচ খেলেছেন সুনীল ছেত্রী। গোল করেছেন ৯৩টি। ক্যারিয়ারের শেষ দিকে এসে পৌঁছে গেছেন। কিন্তু এখনো গোলের খিদে কমেনি তার। যদিও দৃষ্টিভঙ্গি বদলে গেছে। মানসিকতায় বদল এসেছে। কাতারের দোহায় এএফসি এশিয়ান কাপে খেলতে নামার আগে সে কথা বলেছেন সুনীল।
সুনীল কবে অবসর নেবেন সেই বিষয়ে গত কয়েক মাসে অনেক জল্পনা শোনা গেছে। ভারতের কোচ ইগর স্টিমাচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে শেষ সিদ্ধান্ত সুনীল নিজে নেবেন। তাকে কোনো চাপ দেওয়া হবে না। অবসরের প্রসঙ্গ উঠেছে সুনীলের মুখেও।
তিনি বলেন, ‘এশিয়ান কাপের আগে আমার স্ত্রী সোনমের সঙ্গে কথা হয়েছিল। ও বলেছিল, আমি খুব চাপ নিয়ে ফেলি। আমাকে উপভোগ করতে বলেছিল। একদম ঠিক কথা বলেছিল সোনম। ছোটবেলায় যে ভাবে শুধু উপভোগ করতাম, সেটাই এবার করার চেষ্টা করব। মাঠে নেমে অতিরিক্ত চাপ নেব না। অবসরের আগে যে ক’দিন খেলব, এই মানসিকতা নিয়েই মাঠে নামব।’
আগে মাঠে নেমে উত্তেজিত হয়ে পড়তেন। কিন্তু এখন অনেক শান্ত থাকেন। মাথা গরম করেন না। তার এই বদলের কৃতিত্ব সন্তানকে দিয়েছেন ভারত অধিনায়ক।
সুনীল বলেন, ‘এখন আমি অনেক হাসিখুশি ও শান্ত থাকি। বাবা হওয়ার পর থেকে আমার এই বদল এসেছে। যেটুকু সময় পরিবারের সঙ্গে সময় কাটাতে পারি সেটাই আমাকে নতুন করে মাঠে নামার এনার্জি দেয়। সোনমের জন্যই সব হচ্ছে। আমি যাতে রোজ ৮ ঘণ্টা ঘুমোতে পারি, ভাল করে অনুশীলন করতে পারি, তার জন্য সন্তানকে ওই বেশির ভাগ সময় সামলায়।’
মাঠে নেমে উপভোগ করলেও তার আগের প্রস্তুতিতে কোনো খামতি রাখতে রাজি নন সুনীল। শৃঙ্খলার কথা শোনা গেছে তার মুখে। সুনীল বলেন, ‘শৃঙ্খলা মেনে চলতে হবে। কারণ, ফুটবল দলগত খেলা। সেখানে একে অপরের সাহায্যের প্রয়োজন হয়। বোঝাপড়া ভাল হওয়ার বড় মাধ্যম এই শৃঙ্খলা। অনুশীলনে পরিশ্রম করা। আমি চিরকাল শৃঙ্খলা মেনে চলার চেষ্টা করেছি। আগামী দিনেও সেটাই করব।’
এর আগে দু’বার (২০১১ ও ২০১৯) এশিয়ান কাপে খেলেছেন সুনীল। এটি তার তৃতীয় প্রতিযোগিতা। সেখানে ভারতের গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, সিরিয়ার মতো দল। তাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ নিতে তৈরি সুনীল।
ভারত অধিনায়ক বলেন, ‘এশিয়ান কাপ আমাদের জন্য খুব বড় প্রতিযোগিতা। সেখানে অস্ট্রেলিয়া, উজবেকিস্তানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে হবে। গত ৭-৮ বছরে আমাদের দেশের ফুটবল অনেক উন্নতি করেছে। কিন্তু ঠিক কতটা উন্নতি হয়েছে তা বোঝার সব থেকে বড় মঞ্চ এই প্রতিযোগিতা। এখানে ভাল করতে পারলে গোটা বিশ্বের নজর আমাদের উপর পড়বে।’
এশিয়ান কাপে ভারতের প্রথম ম্যাচ ১৩ জানুয়ারি। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ১৮ জানুয়ারি উজবেকিস্তান ও ২৩ জানুয়ারি সিরিয়ার বিরুদ্ধে গ্রুপের বাকি দু’টি ম্যাচ খেলবে ভারত।