Ram Mandir: ৭ মাস আগে বাদ গিয়েছে পা, ভক্তির জেরেই সাইকেলে রাম মন্দির যাত্রা বাংলার যুবক

আগামী ২২ জানুয়ারি উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে। এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত থাকতে সাইকেল চালিয়ে অযোধ্যায় যাচ্ছেন বাংলার দুই যুবক।
উত্তর ২৪ পরগনার গোবরডাঙার সৌমিক গোলদার ও রাকেশ মণ্ডল দুই বন্ধু। সৌমিকের ডান পায়ে ক্যান্সার ধরা পড়ে ২০২০ সালে। ভেলোর সিএমসি-তে চিকিৎসা করিয়ে তখনকার মত সুস্থ হয় সৌমিকের ডান পা। কিন্তু গত বছর স্কুটার দুর্ঘটনায় পায়ে বসানো স্টিলের প্লেট থেকে সংক্রমণ ছড়ায়। আবার ভেলোরে যান চিকিৎসা করাতে। সাত মাস আগে হাঁটুর নীচ থেকে বাদ দিতে হয় পা।
কিন্তু রাম মন্দির উদ্বোধনের পুণ্যলগ্নে সেখানে উপস্থিত থাকতে সেই পরিকল্পনা করেন তিনি। বন্ধু রাকেশের সঙ্গে মিলে সাইকেল চালিয়ে অযোধ্যায় যাওয়ার সিদ্ধান্ত নেন।
প্রায় হাজার কিলোমিটার পথ সাইকেলে অতিক্রম করতে হবে তাঁদের। ইতিমধ্যেই কমবেশি দেড়শ কিলোমিটার অতিক্রম করে ফেলেছেন। লক্ষ্যমাত্রা রেখেছেন, প্রতিদিন ৮০ থেকে ৯০ কিলোমিটর করে চালিয়ে, ২০ তারিখ নাগাদ অযোধ্যায় পৌঁছানোর।
সৌমিক বলেন, “বাড়ির লোকেরা রাজি হচ্ছিলেন না। অনেক চেষ্টা করে তাঁদের বুঝিয়েছি, এক পা নেই, অসুবিধা তো হচ্ছেই, তবে কথায় আছে ভক্তি হ্যায় তো শক্তি হ্যায়।”
বন্ধুর পাশে থাকতে রাকেশও সাইকেল চালিয়ে অযোধ্যায় যাচ্ছেন। তিনি বলেন, “সৌমিকের এই সিদ্ধান্তে আমি খুবই মুগ্ধ। আমি তাঁর সঙ্গে থাকতে পেরে গর্বিত।”
এই দুই যুবকের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ভক্তির শক্তির এক অসাধারণ দৃষ্টান্ত।