কেজি প্রতি বিকোচ্ছে ২৪০ টাকা, পেঁয়াজের দাম বেড়ে চরম বিপাকে জনগণ

পাকিস্তানে পেঁয়াজের দাম হু হু করে বাড়ছে। কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায়, সাধারণ মানুষ চরম সমস্যায় পড়েছেন।
কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর ভারত-পাক কূটনৈতিক সম্পর্কে ছেদ পড়ে। তা সত্ত্বেও মানবিকতার কারণে পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্য পাকিস্তানে রফতানির সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি। কিন্তু গত ডিসেম্বর মাসে পেঁয়াজ রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করে নরেন্দ্র মোদী সরকার।
পাকিস্তানের পাইকারি ব্যবসায়ীরা এই সুযোগ নিয়ে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। পেঁয়াজ রফতানির উপর ভারতের নিষেধাজ্ঞা জারির আগে থেকেই তারা পেঁয়াজ মজুত করে রেখেছিলেন। পাকিস্তানের পাইকারী বাজারেও কয়েকদিন আগে কেজি প্রতি ১২০ থেকে ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছিল। কিন্তু ভারতের নিষেধাজ্ঞা জারির পরেই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে দাম।
পাকিস্তানে আর্থিক সংকটের কারণে পেঁয়াজের উৎপাদন অনেক কমে গেছে। ইরান ও কাবুল থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেওয়া হলেও, সেখান থেকে পেঁয়াজ আসা বন্ধ হয়ে গেছে। এবার ভারতের নিষেধাজ্ঞায় পেঁয়াজের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
পাকিস্তান সরকার যত তাড়াতাড়ি সম্ভব ভারতের পেঁয়াজ রফতানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য চেষ্টা করছে। তারা আশা করছে, ভারতের বাজারে পেঁয়াজের দাম কমলে দিল্লি নিষেধাজ্ঞা তুলে নেবে।