শুরুতেই ধাক্কা! মণিপুর সরকারের অনুমতি পেল না রাহুলের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’

মণিপুর সরকারের অনুমতি না পেলেও, আগামী ১৪ জানুয়ারি মণিপুরের পূর্ব ইম্ফল থেকেই শুরু হবে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। মণিপুর ছাড়া অন্য কোথাও থেকে যাত্রার শুরুর প্রশ্নই নেই বলে জানিয়ে দিয়েছেন কংগ্রেস নেতৃত্ব।
কংগ্রেসের পক্ষ থেকে মণিপুর সরকারের কাছে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র অনুমতি চেয়ে আবেদন জানানো হয়েছিল। কিন্তু যাত্রার আবেদন নাকচ করে দিয়েছে বীরেণ সিং সরকার। আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় অনুমতি দেওয়া যাচ্ছে না বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
অনুমতি না মিললেও, পূর্ব ইম্ফল থেকে যাত্রা শুরু করতে অনড় কংগ্রেস নেতৃত্ব। শেষ পর্যন্ত ইম্ফল থেকে যাত্রার অনুমতি না দিলে, মণিপুরের অন্য কোনও স্থান থেকে শুরু হতে পারে ন্যায় যাত্রা। আর সেক্ষেত্রে কুকি অধ্যুষিত থাওবেল থেকে যাত্রা শুরুর ইঙ্গিত মিলেছে।
কংগ্রেস সাধারণ সম্পাদক কেসি ভেণুগোপাল জানিয়েছেন যে মণিপুর থেকে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’-র অনুমতি দিয়েছে কেন্দ্র। রাজ্য সরকারের আপত্তি করার কোনও অধিকার নেই। মণিপুর সরকার রাজনৈতিক উদ্দেশ্যে এই অনুমতি দেয়নি বলে অভিযোগ করেছেন তিনি।
তাঁর মতে, রাহুলের এই যাত্রা অরাজনৈতিক। রাজনীতি না করার জন্য রাজ্য সরকারের কাছে করেছেন আবেদন। সেই সঙ্গে ইম্ফল থেকে যাত্রা শুরু করার ব্যাপারে তাঁরা প্রতিশ্রুতিবন্ধ বলেও হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস সাধারণ সম্পাদক।
প্রসঙ্গত, আগামী ১৪ জানুয়ারি মণিপুর থেকে শুরু হবে ৬৬ দিনব্যাপী রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। ৬ হাজার ৭১৩ কিলোমিটার এ যাত্রা ১১০ টি জেলা দিয়ে যাবে। মুম্বইয়ে যাত্রাটি শেষ হবে ২০ মার্চ।