বিনামূল্যে সরকারি চাকরির পরীক্ষার প্রশিক্ষণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প ‘যোগ্যশ্রী’

রাজ্যে তপশিলি জাতি ও উপজাতির পড়ুয়াদের জন্য আরেকটি সুখবর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হল ‘যোগ্যশ্রী’ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের তপশিলি জাতি ও উপজাতির পড়ুয়ারা বিনামূল্যে সরকারি চাকরির প্রশিক্ষণ পাওয়ার সুযোগ পাবে।

‘যোগ্যশ্রী’ প্রকল্পের আওতায় রাজ্যের জেলায় দুটি করে মোট ৪৬ সেন্টার করা হচ্ছে। সেখানে তপশিলি জাতি ও উপজাতীয় পড়ুয়ারা সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষা, ব্যাঙ্ক, রেল, পোস্ট অফিস, সামরিক ও আধাসামরিক বাহিনী, পুলিশ, সরকারি বিভিন্ন সংস্থায় গ্রুপ B, C এবং D পদের জন্য প্রশিক্ষণ পাবে।

এই কোর্সের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে। আবেদন করতে হবে নির্দিষ্ট ফর্ম পূরণ করে। আবেদনপত্র পাওয়া যাবে রাজ্যের সরকারি ওয়েবসাইটে।

এই প্রকল্পের উদ্দেশ্য হল রাজ্যের তপশিলি জাতি ও উপজাতির পড়ুয়াদের সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ সৃষ্টি করা। এই প্রকল্পের মাধ্যমে তারা নিজেদের যোগ্যতা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে ভালো চাকরি পেয়ে নিজেদের জীবনকে সার্থক করে তুলতে পারবে।