যুক্ত হল আরও দুটি এলাকা, ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় নিয়ে এলেন মুখ্যমন্ত্রী

কলকাতা পুলিশের দশম নতুন ডিভিশন গঠন করে ভাঙড় থানাকে তার আওতায় নিয়ে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও, বারুইপুর পুলিশ জেলার কাশীপুর থানা ভেঙে উত্তর কাশীপুর থানা এবং পোলেরহাট থানা এবং ভাঙড় থানা ভেঙে ভাঙড় ও চন্দনেশ্বর দুটি থানা গঠন করা হয়েছে। এদেরকেও কলকাতা পুলিশের অধীনে নিয়ে আসা হয়েছে।

সোমবার ধন ধনু ধান্য স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে এই কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি জানান, খেয়াদা ১ এবং খেয়াদা ২ এলাকা দুটিকেও এই ডিভিশনের মধ্যে অন্তর্ভুক্ত করে নেওয়া হোক। তিনি বলেন, ‘এটা বানতলার একদম পাশের এলাকা। ওই জায়গাটি খুব গুরুত্বপূর্ণ। ওই জায়গাটি কেউ দেখার থাকছে না বলে পিতৃ-মাতৃহীন হয়ে পড়ে রয়েছে। ওখানে অনেকরকম কাজ করছে।’ এটার যাতে সুযোগ না পায়, তাই ওই এলাকাটিকে ভাঙড় ডিভিশনের অন্তগর্ত করে দেওয়ার নির্দেশ দেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, নতুন রাজ্য সরকারের আমলে ৬টি পুলিশ কমিশনারেট, ১৪টি পুলিশ জেলা, ৯টা পুলিশের নতুন ব্যাটেলিয়ন, ১৭৩টি নতুন থানা, ৪৩টি মহিলা থানা, ৩৫টি সাইবার থানা করা হয়েছে। তবে ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আবার বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের সময় বারবার রক্তাক্ত হয়েছে ভাঙড় এলাকা। মুড়ি-মুড়কির মতো বোমাবাজি হয়েছে গোটা এলাকায়। পঞ্চায়েত নির্বাচনের হিংসায় শুধু ভাঙড়েই প্রাণ গেছে ৭ জন ব্যক্তির। সেই কারণে এই এলাকা আরও নিরাপদ করতে কলকাতা পুলিশের আওতায় নিয়ে আসা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।