মেলেনি ট্রেনের টিকিট, সাইকেলে চেপেই অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিলেন রাম ভক্ত রকি
January 6, 2024

আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন স্থির হয়েছে। এই শুভক্ষণে অংশ নিতে বহরমপুরের কান্দি থানার উখরা ভাটপাড়ার রকি বাগদি সাইকেলে রওনা দিলেন। শনিবার গ্রামের কালী মন্দিরে পুজো দিয়ে তিনি যাত্রা শুরু করেন।
রকি বাগদির ইচ্ছা আগামী ২২ তারিখের মধ্যে অযোধ্যা পৌঁছে রামমন্দির উদ্বোধনে অংশ নেওয়া। যাত্রাপথে তিনি মানুষকে গাছ লাগানোর বার্তা দেবেন।
রকি বাগদি বলেন, “বহু দিনের ইচ্ছা ছিল রামমন্দির উদ্বোধনে অংশ নেওয়ার। ট্রেনের টিকিট পাইনি। তাই শেষমেষ সাইকেলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গ্রামবাসীরা আমাকে খুব সহযোগিতা করেছে।”
কান্দি থেকে অযোধ্যার দূরত্ব ৮৫০ কিলোমিটার। এই পথ সাইকেলে পাড়ি দিয়ে রামলালার জন্মস্থানে পৌঁছবেন রকি।
গ্রামের মানুষ রকির এই মহৎ উদ্দেশ্যকে সমর্থন জানায়। তারা রকি বাগদির যাত্রা শুভ হোক, সফল হোক বলে আশীর্বাদ করেন।