চলতি মাসেই শুরু হচ্ছে রাহুল গান্ধীর ‘ভারত ন্যায় যাত্রা’, পদযাত্রার রুট জানাল কংগ্রেস

চলতি বছরের লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস কর্মীদের মনোবল বৃদ্ধি করতে ‘ভারত জোড়ো’ যাত্রার অনুকূলে নতুন কর্মসূচির পরিকল্পনার কথা কয়েকদিন আগে জানিয়েছিলেন রাহুল গান্ধী। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে রাহুলের সেই কর্মসূচির কথা ঘোষণা করা হল।
মণিপুর থেকে শুরু হয়ে মুম্বইয়ে শেষ হবে এই ‘ভারত ন্যায় যাত্রা’। মণিপুর থেকে শুরু হয়ে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, অসম, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট এবং মহারাষ্ট্রের একাধিক জেলা হয়ে শেষ হবে এই যাত্রা।
মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ১৪ জানুয়ারি দুপুর ১২টা শুরু হবে ‘ভারত ন্যায় যাত্রা’। ৬৭ দিনের এই যাত্রায় ৬ হাজার ৭১৩ কিলোমিটার রাস্তা অতিক্রম করা হবে। ১০০টি লোকসভা এবং ৩৩৭টি বিধানসভা এলাকায় হবে পদযাত্রা। একাধিক জায়গায় আয়োজন করা হয়েছে সভার। সেখানে দেশের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবেন রাহুল।
‘ইন্ডিয়া’ জোটের দলগুলিকে আমন্ত্রণ জানিয়েছে কংগ্রেস। জোটের দলগুলির কাছে আমন্ত্রণপত্র কয়েকদিনের মধ্যে পৌঁছে যাবে। সেই সঙ্গে সমস্ত ব্লকের কংগ্রেস নেতা-কর্মীদের পদযাত্রায় অংশ নেওয়ার জন্য করা হয়েছে আবেদন।