BANK: ৬ দিনের ধর্মঘট ব্যাঙ্ক কর্মী সংগঠনের, কর্মসূচি নিয়ে করা হলো বড় ঘোষণা , কী জানা গেল?

একাধিক দাবিতে ডিসেম্বরে ৬ দিনের ব্যাঙ্ক ধর্মঘট ডাকা হয়েছিল ব্যাঙ্ক কর্মীদের সংগঠনের তরফ থেকে। তবে আপাতত সেই ধর্মঘট কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নিল অ্যাসোসিয়েশন। তবে জানুয়ারিতে যে দু’দিন দেশ জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, সেই কর্মসূচিতে কোনও বদল আনা হচ্ছে না বলে জানিয়েছে সংগঠন।
অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (AIBEA) জানিয়েছে, ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশনের (IBA) সঙ্গে তাদের কথা হয় সম্প্রতি। ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাদের দাবি আংশিক ভাবে মেনে নিয়েছে। এছাড়াও আরও যে সব দাবি রয়েছে, তা নিয়ে ভবিষ্যতে আলোচনা করা হবে বলে প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে ব্যাঙ্কের তরফ থেকে। এই আবহে আপাতত ডিসেম্বরের ধর্মঘট কর্মসূচি স্থগিত রাখা হল।
AIBEA-র সভাপতি রাজেন নাগর জানান, IBA এবং কর্মীদের বৈঠক হয়েছিল কেন্দ্রীয় শ্রম কমিশনারের ডাকে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, ব্যাঙ্কিং কাজে আউটসোর্সিং আর বাড়ানো হবে না। অর্থাৎ, ব্যাঙ্কের যে কাজ বাইরের লোকেদের দিয়ে করানো হচ্ছে, তার পরিমাণ আর বাড়ানো হবে না। এছাড়া ব্যাঙ্কে কর্মী নিয়োগের দাবি নিয়ে IBA আলাদা ভাবে আলোচনার আশ্বাস দিয়েছে। এই আবহে আপাতত ডিসেম্বরের ধর্মঘট কর্মসূচি স্থগিত রাখা হয়েছে।
এর আগে জানানো হয়েছিল, ৪ ডিসেম্বর পিএনবি, এসবিআই এবং পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কের কর্মীরা ধর্মঘট পালন করবেন। এরপর ৫ ডিসেম্বর ধর্মঘটে যাওয়ার কথা ছিল ব্যাঙ্ক অফ বরোদা এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মীদের। পরে ৬ ডিসেম্বর কানারা ব্যাঙ্ক এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মীদের ধর্মঘট করার কথ ছিল। ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং ইউকো ব্যাঙ্কের কর্মীরা ৭ তারিখ ধর্মঘট পালন করবেন বলে নির্ধারিত ছিল। এরপর ৮ ডিসেম্বর ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের কর্মীদের ধর্মঘট হওয়ার কথা ছিল। এবং ১১ ডিসেম্বর সব বেসরকারি ব্যাঙ্কের কর্মীদের ধর্মঘট করার কথা ছিল।
এদিকে ডিসেম্বরের কর্মসূচি আপাতত স্থগিত করলেও জানুয়ারির ২ দিনের ধর্মঘট নিয়ে অনড় রয়েছে AIBEA। এই আবহে আগামী ১৯ এবং ২০ জানুয়ারি দেশ জুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকতে পারে বলে জানা যাচ্ছে। এর আগে অবশ্য IBA এবং AIBEA যদি বৈঠক করে সমস্যা মেটাতে পারে, তাহলে ব্যাঙ্ক গ্রাহকদের দুর্ভোগ পোহাতে হবে না।