‘রোহিঙ্গাদেড় এনে ভোটার বানাচ্ছে…’, TMC নেত্রীর বক্তব্যে কটাক্ষ দিলীপ ঘোষের

উত্তর ২৪ পরগনার হাবরা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভানেত্রী এবং কুমড়া পঞ্চায়েতের প্রাক্তন সভানেত্রী তথা এলাকার তৃণমূল নেত্রী রত্না বিশ্বাসের একটি সভায় দেওয়া মন্তব্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। তিনি বাংলাদেশ থেকে আগত ব্যাক্তিদের ভোটার তালিকায় নাম ওঠানোর জন্য তৃণমূল কর্মীদের নির্দেশ দেন।
রত্না বিশ্বাস বলেন, “বাংলাদেশ থেকে যাঁরা এসেছেন, ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে যদি সমস্যায় পড়েন জাকিরদার কাছে গেলে ভাল বলে দেবেন। এই কাজটা অতি দ্রুত করবেন। আমরা চাই না একটা ভোটও বাদ যাক।”
এই মন্তব্যের পর বিজেপি নেতারা তৃণমূলকে বাংলাদেশিদের ভোটের উপর নির্ভরশীল বলে আক্রমণ করেন। বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, “আমরা বরাবর বলে এসেছি ওপার বাংলা থেকে ভোটার আনা হচ্ছে। উগ্রপন্থী আনা হচ্ছে। ওদের নেতা নেত্রীরা প্রকাশ্যে বলছে, ওপার বাংলা থেকে রোহিঙ্গা এনে ভোটার তৈরি করে জিততে হবে। এটাই ওদের জেতার একমাত্র রাস্তা। না হলে ভোট পাবে না।”
তৃণমূল নেত্রীর বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, “রত্না বিশ্বাস ১৯৫১ সাল থেকে ১৯৭১ সালের মধ্যে আসা বাংলাদেশিদের কথা বলছিলেন। এই সময়ের মধ্যে আসা বাংলাদেশিদের ভোটাধিকার রয়েছে।”
এদিকে, আগামী ২৯ নভেম্বর নির্ধারিত জায়গাতেই সভা করার অনুমতি পেয়েছে বিজেপি। সভার অনুমতি দেওয়ার বিষয়টি নিয়ে রাজ্য সরকারের ডিভিশন বেঞ্চে যাওয়াও উচিত ছিল না বলে মন্তব্য করেন তৃণমূল মুখপাত্র।