‘আমাকে ফাঁসানো হয়েছে!’ ভোট মিটতেই ভোলবদল মহাদেব অ্যাপের ধৃত ডেলিভারি বয়ের

ছত্তিশগড়ের মহাদেব বেটিং অ্যাপ মামলায় নতুন মোড়। ইডির হাতে গ্রেফতার কুরিয়ার ডেলিভারি বয় অসীম দাস এবার দাবি করেছেন, তিনি কোনও রাজনীতিবিদকে নগদ টাকা দেননি। সেই সঙ্গে তাকে ফাঁসানো হয়েছে বলেও অভিযোগ করেছেন।
জেল থেকে ইডি ডিরেক্টরকে লেখা এক চিঠিতে অসীম দাস লিখেছেন, তিনি ইংরেজি ভাষা জানেন না। সেই সুযোগ নিয়ে তদন্তকারীরা তাকে একটি ইংরেজি বিবৃতিতে স্বাক্ষর করে নিয়েছেন।
চিঠিতে তিনি আরও লিখেছেন, মহাদেব বেটিং অ্যাপের মালিক শুভম সোনি তার ছেলেবেলার বন্ধু। সোনির কথায় গত অক্টোবর মাসে তিনি দুবাই গিয়েছিলেন। দুবাই থেকে রায়পুরে ফিরে আসার পর তাকে একটি হোটেলে উঠতে বলা হয়েছিল। হোটেলে আসার সময় এক ব্যক্তি তাকে নগদ টাকা সহ একটি ব্যাগ দেয়।
হোটেলে ফেরার কিছুক্ষণের মধ্যে ইডি আধিকারিকরা আসেন এবং তাকে গ্রেফতার করে। তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করার পাশাপাশি কোনও রাজনৈতির নেতা বা কর্মীকে যে তিনি টাকা দেননি, তা-ও উল্লেখ করেছেন চিঠিতে।
প্রসঙ্গত, নভেম্বর মাসের প্রথম দিকে কুরিয়ার ডেলিভারি বয় অসীম দাসকে ৫ কোটি টাকা সহ গ্রেফতারের পর ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছিল ইডি।