Dev Diwali: কেন কাশীতেই পালন করা হয় দেব দীপাবলি? জানুন কি রয়েছে কারণ?

দেব দীপাবলি হল হিন্দুদের একটি ধর্মীয় উৎসব যা কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। এই উৎসবটি দীপাবলি উৎসবের ঠিক ১৫ দিন পর পালিত হয়। দেব দীপাবলি কেন পালিত হয় তা নিয়ে প্রচলিত রয়েছে বহু কাহিনি। সবথেকে প্রচলিত কাহিনি মতে, কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে মহাদেব বধ করেছিলেন ত্রিপুরাসুরকে। ত্রিপুরাসুর বন্দি বানিয়েছিল দেবতাদের। মহাদেব ত্রিপুরাসুরের হাত থেকে দেবতাদের উদ্ধার করেছিলেন। ত্রিপুরাসুরের অত্যাচার থেকে মুক্তি পেয়ে এদিন দেবতারা শিবের বাসস্থান কাশীর গঙ্গার ঘাটে প্রদীপ জ্বালিয়েছিলেন। সেই কারণে প্রতিবার কার্তিক পূর্ণিমায় পালন করা হয় দেব দীপাবলি।

দেব দীপাবলির তারিখ ও সময়

২০২৩ সালের দেব দীপাবলির তারিখ হল ২৬ নভেম্বর। এই দিনটি শুক্রবার। দেব দীপাবলির পুজোর মুহূর্ত বিকেল ৫টা ৮ মিনিট থেকে শুরু হয়ে থাকবে সন্ধে ৭টা ৪৭ মিনিট পর্যন্ত।

দেব দীপাবলির গুরুত্ব

দেব দীপাবলি হল দেবতাদের দীপাবলি। এই দিনটিতে দেবতারা মর্ত্যে আসেন বলে বিশ্বাস করা হয়। এই দিনটিতে দেবতাদের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো হয়। এছাড়াও, এই দিনটিতে দেবতাদের পুজো করা হয়।

পৌরাণিক কাহিনি অনুসারে দেব দীপাবলি কী?

বিশ্বাস মহাদেব ত্রিপুরাসুরকে বধ করার জন্য কার্তিক পূর্ণিমার দিনে প্রদোষকালে অর্ধনারীশ্বর রূপ ধারণ করেন। এই পৌরাণিক কাহিনিকে সামনে রেখেই প্রতি বছর এই প্রদোষকালে বারাণসীর কাশীর রবিদাস ঘাটথেকে লেরাপ রাজঘাট পর্যন্ত কয়েক লক্ষ প্রদীপ জ্বালানো হয়ে থাকে। অন্য একটি বিশ্বাস এই দিনে ভগবান বিষ্ণু মৎস্য অবতার গ্রহণ করেছিলেন। দেব দীপাবলির দিন ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীকে বিশেষ নিয়ম মেনে পুজো করা হয়। আবার এও বিশ্বাস, আষাঢ় মাসের শুক্ল একাদশী থেকে ভগবান বিষ্ণু চার মাসের জন্য যোগ নিদ্রায় যান ও তারপর তিনি শুধুমাত্র কার্তিক শুক্লা একাদশীতে জেগে ওঠেন। তাই একাদশীতে তিনি তুলসীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর কার্তিক পূর্ণিমায় সকল দেব-দেবীরা ঈশ্বরের ঘুম থেকে জেগে ওঠার আনন্দে লক্ষ্মী ও নারায়ণের মহা আরতি করে প্রচুর প্রদীপ জ্বালিয়ে আনন্দ উদযাপন করেন। অন্য একটি বিশ্বাস বামনদেবের স্বর্গ প্রাপ্তির আনন্দে সব দেবতা একসঙ্গে কার্তিক মাসের পূর্ণিমা উদযাপন করেছিলেন। গঙ্গার তীরে প্রদীপ জ্বালিয়েছিলেন তাঁরা। তখন থেকেই চলে আসছে দেব দীপাবলি উদযাপনের প্রথা।

দেব দীপাবলি কোথায় পালিত হয়

দেব দীপাবলি ভারতের বিভিন্ন প্রান্তে পালিত হয়। তবে, উত্তর প্রদেশের বারাণসীতে এই উৎসবের বিশেষ তাৎপর্য রয়েছে। বারাণসীকে মহাদেবের শহর বলা হয়। এই শহরের গঙ্গার ঘাটে দেব দীপাবলির দিন লক্ষাধিক প্রদীপ জ্বালানো হয়।

কলকাতায় দেব দীপাবলির আয়োজন

কলকাতা পুরসভার সৌজন্যে কলকাতায় দেব দীপাবলির আয়োজন করা হবে। ২৬ ও ২৭শে নভেম্বর নিমতলা ঘাটে এই উৎসবের আয়োজন করা হবে।

তথ্যসূত্র: এই সময়