কলেজ পালিয়ে করতেন লুকিয়ে দেখা! জেনেনিন কী ভাবে দেবীশার প্রেমে পড়লেন সূর্যকুমার?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলে ভারতকে জয় এনে দিয়েছেন সূর্যকুমার যাদব। এই ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় তারকা ব্যাটারকে নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে। অনেকে তাকে কুড়ি-বিশের ক্রিকেটে ভারতের স্থায়ী অধিনায়ক করার দাবিও তুলেছেন। এই আবহে আবার সামনে এসেছে সূর্যকুমারের প্রেম কাহিনী।

২০১৬ সালে দেবীশা শেট্টিকে বিয়ে করেন সূর্যকুমার যাদব। কলেজ পড়াকালীন তাঁর সঙ্গে আলাপ হয় টিম ইন্ডিয়ার অধিনায়কের। কীভাবে তাদের বন্ধুত্ব প্রেমে বদলে গিয়েছিল, তা নিয়ে রয়েছে মজার গল্প।

দেবীশার জন্ম মুম্বইতে। বাণিজ্য নগরীর আর এ পোদ্দার কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিক্সে পড়লেন তিনি। আর সেখানকার ছাত্র ছিলেন সূর্য। কলেজ ক্রিকেট টিমে নিয়মিত খেলতেন তিনি।

দেবীশার নাচের শখ ছিল। একদিন কলেজের একটি অনুষ্ঠানের রিহার্সাল চলছিল। হঠাৎই বন্ধুদের নিয়ে সেখানে আসে সূর্য। অনুষ্ঠানের প্রস্তুতির ফাঁকে আলাপ হয় তাদের।

কথায় কথায় সূর্যর ক্রিকেট খেলার কথা জানতে পারেন দেবীশা। টি-২০ স্পেশালিস্ট তাকে ম্যাচ দেখতে আমন্ত্রণ জানান। ম্যাচ দেখতে গিয়ে সূর্যর ব্যাটিং দক্ষতায় মুগ্ধ হন দেবীশা। মাঠের পাশে তাকে চিৎকার করতে দেখে খুব খুশি হয় সূর্য। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গভীর হয়। সেখান থেকেই প্রেম ও বিয়ে।

কলেজ জীবনে সম্পর্কে থাকার সময় মাঝে মধ্যেই লুকিয়ে দেখা করতেন দেবীশা। ক্লাস না করে পৌঁছে যেতেন সূর্যর ম্যাচ দেখতে। দুজনের ঘনিষ্ঠ মহলে অবশ্য এই নিয়ে দীর্ঘদিন গুঞ্জন চলে। শেষে সাত পাকে বাঁধা পড়ার কথা ঘোষণা করেন এই জুটি।

বর্তমানে সূর্যর ম্যাচ দেখতে প্রায়ই গ্যালারিতে উপস্থিত থাকতে দেখা যায় দেবীশাকে। স্বামীর খাওয়া-দাওয়ার উপর কড়া নজর রাখেন তিনি। ক্রিকেটের স্বার্থে নিজেকে ফিট রাখতে কড়া ডায়েটে থাকতে হয় টিম ইন্ডিয়ার এই তারকা ব্যাটারকে। এছাড়া স্বামীর সঙ্গে রিল ভিডিয়ো পোস্ট করেন দেবীশা। যা তাকে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় করেছে।