‘ভূত প্যান্ডেল পুড়িয়েছে’, ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের

পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার শহিদ মাতঙ্গিনী ব্লকের কৃষ্ণগঞ্জ বাজারে গঞ্জস্টার ক্লাবের কালীপুজোর উদ্বোধন করার কথা ছিল বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। কিন্তু তার আগের রাতেই প্যান্ডেলে আগুন লেগে যায়। আগুনে প্যান্ডেলের কিছু অংশ পুড়ে যায়।

এই ঘটনায় রাজনৈতিক বিতর্ক শুরু হয়। বিজেপির অভিযোগ, এই পুজোর উদ্বোধন করতে আসার কারণে বিপক্ষ রাজনৈতিক দলের দুষ্কৃতীরা এই কাজ করেছে। অন্যদিকে, তৃণমূলের অভিযোগ, বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে।

শনিবার এই পুজোর উদ্বোধন করেন দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,’ভূত প্যান্ডেল পুড়িয়েছে।’ তিনি আরও বলেন, “আজ ভূত চতুর্দশী। ভূত সর্বত্র। ভূতের উৎপাত যুগ যুগ ধরে হয়ে আসছে। আপনারাও অনুভব করলেন প্যান্ডেলে যারা আগুন লাগিয়েছে তারাও তো ভূত।”

পুজোর কর্মকর্তারা জানান, বৃহস্পতিবারের মধ্যে মণ্ডপসজ্জা প্রায় শেষ হয়ে গিয়েছিল। আলো, মাইক লাগানোও হয়ে গিয়েছে। শনিবার পুজো উদ্বোধনে আসার কথা ছিল দিলীপ ঘোষের। তাদের মণ্ডপের কিছুটা ক্ষতি হয়েছে। তবে দ্রুত ক্লাবের সব লোকজন মিলে ফের নতুন করে পুজোর ব্যবস্থা করা হয়েছে।

প্যান্ডেলে আগুন লাগানোর ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।