‘আমরা দফতর থেকে একটি তদন্ত করে দেখব’, বিএড কলেজ অনুমোদন বাতিল নিয়ে মুখ খুললেন ব্রাত্য বসু

রাজ্যে একযোগে ২৫৩টি বিএড কলেজের অনুমোদন বাতিল হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই অনুমোদন বাতিলের কারণ তদন্তে নেমেছে রাজ্যের শিক্ষা দফতর। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “স্কুলের শিক্ষকতা করতে গেলে বিএড করাটা আবশ্যক। ফলে কী হয়েছে এবং কেন করেছে? এটা আমরা জানি না। আমরা দফতর থেকে একটি তদন্ত করে দেখব।”

রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শনিবার দক্ষিণ ২৪ পরগনার একটি অনুষ্ঠানে বলেন, “রাজ্যে মোট ২৫৩টি বিএড কলেজের অনুমোদন বাতিল করা হয়েছে। আমরা দফতর থেকে একটি তদন্ত করে দেখব।”

তিনি আরও বলেন, “এই ধরনের পরিযায়ী উপাচার্যরা, অনুপ্রবেশকারী উপাচার্যরা রাজ্যের সিস্টেম খারাপ করতে পারে।”

উল্লেখ্য, রাজ্যে মোট ৬০০টি বিএড কলেজ রয়েছে, যায় মধ্যে বর্তমানে ২৪টি সরকারি বিএড কলেজ রয়েছে। সুপ্রিম কোর্টের একটি নির্দেশিকার পরিপ্রেক্ষিতে ২৫৩টি কলেজের অনুমোদন বাতিল করা হয়েছে। এনসিটিইর সমস্ত শর্ত সঠিক ভাবে না মানার কারণেই তাদের অনুমোদন বাতিল করা হয়েছে বলে মনে করা হচ্ছে।