সানসেট ভিউতে ‘কিং কোবরা’র দাপাদাপি! পর্যটকদের মধ্যে আতঙ্ক

শীতের মরশুমে পর্যটকদের আনাগোনায় বেড়েছে হলদিয়ার সানসেট ভিউ। কিন্তু শনিবার সকালে সেখানে ধরা পড়ল ভয়ঙ্কর এক ছবি। পর্যটনকেন্দ্রের ঝাউ বাগানে দাপিয়ে বেড়াল একটি বিশালাকার বিষধর সাপ। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
স্থানীয়দের দাবি, এত বড় মাপের সাপ আগে জেলায় দেখা যায়নি। বন দফতরের আধিকারিকদেরও বিস্ময়। তাঁরা জানিয়েছেন, সাপটি কিং কোবরা।
ভিডিওতে দেখা যায়, ঝাউ বাগানের গাছের ফাঁকে ফাঁকে সাপটি এঁকে বেঁকে ঘুরে বেড়াচ্ছে। সাপের বিশাল আকার দেখে আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকরা। ভিডিও ভাইরাল হওয়ায় হলদিয়াবাসীর মনেও ছড়িয়ে পড়েছে আতঙ্ক।
বন দফতরের আধিকারিক অনুপম খান বলেন, ‘আমরা বিষয়টি জানতে পেরেছি। ভিডিও দেখেছি। স্থানীয় বন বিভাগের আধিকারিকদের বিষয়টি দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখনও সাপটিকে ধরা সম্ভব হয়নি। ছবি দেখে বুঝলাম সাপটি কিং কোবরা। সাপটিকে যাতে ধরা যায় তার চেষ্টা চলছে। তবে ভয় পাওয়ার কিছু নেই। গভীর জঙ্গলে এই ধরনের জীব জন্তু মাঝে মধ্যেই বেরায়। সেগুলি যাতে সাধারণ মানুষের ক্ষতি না করতে পারে সেদিকে আমাদের নজর থাকবে।’