বিকট শব্দে কেঁপে উঠল এলাকা, বোমা বিস্ফোরণে উড়ে গেল যুবকের হাত

শুক্রবার সকালে পানিহাটির তেজপাল এলাকায় একটি বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাড়ির মালিক জিতেন্দ্র সাহুর ডান হাত উড়ে গেছে। তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে পানিহাটি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তেজপাল এলাকায় জিতেন্দ্র সাহুর বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের শব্দে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে।
স্থানীয়রা জিতেন্দ্র সাহুকে রক্তাক্ত অবস্থায় বাড়ির বাইরে পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে প্রথমে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে আরজি কর হাসপাতালে স্থানান্তর করা হয়।
খড়দা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ বাড়িটি থেকে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার করেছে।
পুলিশের প্রাথমিক অনুমান, বাড়িতে রাখা বোমায় বিস্ফোরণ ঘটেছে। তবে, বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি। পুলিশ তদন্তের মাধ্যমে এটি নিশ্চিত করার চেষ্টা করছে।