কালীপুজোর মণ্ডপে অগ্নিকাণ্ড, দিলীপ ঘোষের উদ্বোধনের আগেই ঘটল বিপত্তি

রবিবার কালীপুজো উপলক্ষে সারা রাজ্যে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কলকাতার পাশাপাশি জেলার বিভিন্ন মণ্ডপেও চলছে ব্যস্ততা। এরই মধ্যে পূর্ব মেদিনীপুর জেলায় একটি কালীপুজোর মণ্ডপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উদ্যোক্তাদের তরফে জানা গিয়েছে, এই মণ্ডপ উদ্বোধনের কথা ছিল বিজেপি সাংসদ দিলীপ ঘোষের।

ঘটনাটি ঘটেছে শহিদ মাতঙ্গিনী ব্লকের কৃষ্ণগঞ্জ বাজারে গঞ্জস্টার ক্লাবের মণ্ডপে। বৃহস্পতিবার রাতে মণ্ডপে আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা ও ক্লাব সদস্যরা জানান, মণ্ডপে বিদ্যুৎ সংযোগের কারণে আগুন লেগে থাকতে পারে। তবে কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।

পুজো কমিটির এক সদস্য মৈনাক জানা বলেন, “এটা আমাদের দীর্ঘদিনের পুজো। শনিবার বিকেলে এই পুজো উদ্বোধন করার কথা ছিল দিলীপ ঘোষের। কিন্তু রাতের অন্ধকারে কেউ বা কারা মণ্ডপে আগুন লাগিয়ে দেওয়ার মতো জঘন্য কাজ করেছে। দিলীপবাবু আসবেন, সেই কারণে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বর এটা পছন্দ নাও হতে পারে। সেই কারণে এই কাজ করা হতে পারে। পুলিশ প্রশাসনের কাছে আমাদের আবেদন এই ঘটনার যেন সঠিকভাবে তদন্ত করা হয়। দোষীদের শাস্তি হোক এটাই চাই। মণ্ডপ নতুন করে তৈরির কাজ শুরু হয়েছে। দিলীপ ঘোষ আগামিকাল অবশ্যই আসবেন।”