পুর নিয়োগ দুর্নীতি: ফের ইডিতে হাজিরা বরানগর পুরসভার চেয়ারপার্সনের

পুর নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার আবারও ইডি দফতরে হাজিরা দিয়েছেন বরানগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মৌলিক। সোমবারও তিনি সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন। গতকাল ইডি দফতরে প্রায় সাত ঘণ্টা ছিলেন অপর্ণা। তারপর এদিন ফের তাঁকে সেখানে ঢুকতে দেখা যায়।

এদিন সকাল ১১টা নাগাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে ঢুকতে দেখা যায় অপর্ণা মৌলিককে। বেশকিছু নথিপত্র নিয়ে তিনি সিজিওতে ঢোকেন। ইডি সূত্রে খবর, পুরসভায় নিয়োগ সংক্রান্ত বিভিন্ন নথি তাঁদের কাছ থেকে চাওয়া হয়। পুর নিয়োগে তাঁর কী ভূমিকা ছিল, সেই বিষয়েই ইডি জানতে চাইছে বলে সূত্রের খবর।

এদিন ইডি দফতর থেকে বেরিয়ে অপর্ণা বলেন, “জিজ্ঞাসাবাদ চলছে, যা জিজ্ঞাসা করেছে বলেছি, যে নথিগুলো চেয়েছে দিয়েছি। ব্যক্তিগত কিছু নথি চেয়েছিল, দিয়ে দিয়েছি।” তবে আপাতত তাঁকে আর ডাকা হয়নি বলেই জানান অপর্ণা মৌলিক।