৩০ বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত, বাংলার এই জেলায় মিলল ‘অস্ত্র কারখানা’র হদিশ

নদিয়ার নবদ্বীপ শহরের বুকে ছোট্ট একটি বাড়িতে সারাবছর ধরে তৈরি হয় কালীপুজোর অস্ত্র। ছেনি হাতুড়ি দিয়ে লাগাতার পিটিয়ে ও কারুকার্য সহকারে তৈরি করা হয় এই অস্ত্রগুলি।

এই কারখানাটির মালিক রাজু অধিকারী। তিনি ৩০ বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত। তাঁর পূর্বপুরুষরাও এই পেশায় যুক্ত ছিলেন। আগে এই অস্ত্র টিন দিয়ে তৈরি হত। তবে বর্তমানে পিতল বা অন্য কিছু ধাতু দিয়ে এই অস্ত্র তৈরি করা হয়।

এই বছর এই কারখানায় সর্বোচ্চ ৭ ফুট উচ্চতার খাঁড়া তৈরি করা হয়েছে। ছোট থেকে বড়, আকার অনুয়ায়ী নির্ধারিত হয় অস্ত্রের মূল্য। সেক্ষেত্রে ১০০ থেকে শুরু করে ৮ হাজার টাকারও অস্ত্র পাওয়া যায়।

এই কারখানায় মা কালী, দেবী দুর্গা, দেবী জগদ্ধাত্রী ও রাশের বিভিন্ন প্রতিমার অস্ত্র তৈরি হয়। সামনেই কালীপুজো, তাই এখন তাঁরা কালী প্রতিমার অস্ত্র তৈরিতে ব্যস্ত।

তাঁদের তৈরি খাঁড়া বা অস্ত্রগুলি সারা বাংলা তো বটেই, এমনকী বিহার, ওড়িশা ও ভিনদেশেও পাড়ি দেয়।

কারিগর রাজু অধিকারী জানান, অন্যান্য বছরে তুলনায় এই বছর তাঁদের অস্ত্রের চাহিদা বেশি। তবে অন্যান্য বছরের তুলনায় কাঁচামালের দাম বেশি হওয়ায় কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাঁদের। তবে যেহেতু তাঁদের তৈরি অস্ত্রের চাহিদা বেশি, তাই সেই অসুবিধা থেকে তাঁরা বেরিয়ে আসতে পারবেন বলেই মনে করছেন।