নাইটক্লাবে বিল না দিয়ে পালানোর চেষ্টা, ওয়েটারকে হেঁচড়ে নিয়ে গেল গাড়ি

নাইটক্লাবে খাওয়া-দাওয়া ও মদ্যপানের বিল ২৩ হাজার টাকা দেখে ক্ষেপে গিয়েছিলেন একদল ব্যক্তি। বিল না দিয়ে পালানোর চেষ্টায় তারা নাইটক্লাবের ওয়েটার জয়ন্তকে গাড়ি দিয়ে হেঁচড়ে নিয়ে যায়। এতে জয়ন্তের দুই হাতের হাড় ভেঙে যায়।
রবিবার ভোর চারটেয় পঞ্চকুলার সেক্টর-২০ এলাকার একটি নাইটক্লাবে এই ঘটনা ঘটে। জানা গেছে, ওই দলে ২ জন পুরুষ ও ৩ জন মহিলা ছিলেন। তারা অনেক রাত পর্যন্ত নাইটক্লাবে ছিলেন। বিল দেখে ক্ষেপে গিয়ে তারা নাইটক্লাবের বাউন্সারদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু করেন। এরপর পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়।
মারামারি চলাকালীন দলের দুই ব্যক্তি ফোনে কারও সঙ্গে কথা বলতে থাকেন। এরপর প্রায় ১২ জন যুবক দুটি গাড়িতে লাঠি ও তলোয়ার নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা নাইটক্লাবের কর্মীদের উপর চড়াও হয়। দুই পক্ষের মধ্যে আবারও মারামারি শুরু হয়। এতে নাইটক্লাবের কর্মীরা আহত হন।
মারামারি চলাকালীন নাইটক্লাবের ওয়েটার জয়ন্ত বিলের টাকা সংগ্রহের জন্য গাড়ির দিকে ছুটে যায়। গাড়িটি থামানোর চেষ্টা করে সে। কিন্তু গাড়ির চালক তাকে ধাক্কা দেয়। জয়ন্ত গাড়ির নিচে পড়ে যায় এবং গাড়ি তাকে প্রায় ১০০ মিটার পথ হেঁচড়ে নিয়ে যায়।
এতে জয়ন্তের দুই হাতের হাড় ভেঙে যায়। পায়েও আঘাত লাগে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষের বেশ কয়েকজনকে আটক করে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।