বিমানে ঘুমের মধ্যে ল্যাপটপ সহ ব্যাগ চুরি, শোরগোল লখনউ বিমানবন্দরে

বেঙ্গালুরু-লখনউগামী বিমানে ঘুমিয়ে থাকা অবস্থায় এক যাত্রীর ব্যাগ চুরির ঘটনা ঘটেছে। ব্যাগে থাকা ২.৭ লাখ টাকা দামের ল্যাপটপসহ অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যাওয়া হয়েছে।
ভুক্তভোগী ওই যাত্রীর নাম মুদিত রাই। তিনি পেশায় ওয়ালমার্টের সফ্টওয়্যার প্রকৌশলী। গত ৩ নভেম্বর তিনি বেঙ্গালুরু থেকে লখনউ যাওয়ার জন্য বিমানে চড়েছিলেন।
বিমানে উঠে মুদিত রাই তার কোম্পানির ২.৭ লাখ টাকা দামের Apple MacBook Pro16 ল্যাপটপ সহ ব্যাগটি বিমানের ওভারহেড স্টোরেজ বিনে রেখে দেন। বিমানটি লখনউতে অবতরণের পর ব্যাগটি নিতে গিয়ে তিনি হতবাক হয়ে যান।
বিমান থেকে ব্যাগটি সরিয়ে ফেলা হয়েছে। পরিবর্তে রেখে গেছে একটি কাপড় ভর্তি ব্যাগ। পুরো ঘটনাটি বিমানকর্মীদের জানান মুদিত রাই।
তিনি জানান, বেঙ্গালুরু-লখনউগামী বিমানটি খুব সকালে ছেড়েছিল। ব্যাগটি রেখে তিনি ঘুমিয়ে পড়েন। বিমানটি লখনউ-তে অবতরণের পর ঘুম ভাঙে তাঁর।
তিনি বিমানের সিটেই বসে ছিলেন অন্যান্য যাত্রীদের নামার অপেক্ষায়। সমস্ত যাত্রী নামার পর উঠে দাঁড়ান তিনি। সিটের উপর ওভারহেড স্টোরেজ খুলে ব্যাগটি নিতে গিয়ে একটি নীল রংয়ের ব্যাগ দেখতে পান। সেটি তাঁর নয় বলে জানিয়েছেন মুদিত।
মুদিত রাইয়ের অভিযোগের ভিত্তিতে লখনউয়ের সরোজনী নগর থানার পুলিশ একটি মামলা দায়ের করেছে। অজ্ঞাত পরিচয় যাত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৮০ (চুরি) ধারা নথিভুক্ত করা হয়েছে। শুরু হয়েছে ঘটনার তদন্ত।