রোগীদের জন্য সুখবর, এই হাসপাতালে চালু হল এক্স রে পরিষেবা ও জরুরি বিভাগ

দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর হাসপাতালে এক্স-রে ও জরুরি বিভাগ চালু করা হয়েছে। এই বিভাগগুলি চালু হওয়ায় দূরবর্তী স্থানে যেতে হবে না রোগীদের।
গত বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের এই হাসপাতাল হঠাৎ পরিদর্শনে আসেন ক্রেতাসুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্র। হাসপাতালের পরিষেবা দেখে তিনি যথেষ্ট ক্ষুব্ধ হন। এমনকি, রাতে হাসপাতালে মাত্র একজন চিকিৎসক থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
হাসপাতালে অন্যান্য কিছু পরিষেবার পাশপাশি, এক্স-রে পরিষেবা চালু করার প্রয়োজনীয়তা রয়েছে বলে তাঁকে জানানো হয়। এরপরেই হাসপাতালে জরুরি বিভাগ এবং এক্স-রে পরিষেবা চালু করার ব্যাপারে উদ্যোগী হন বিধায়ক।
উদ্বোধনের সময় বিধায়ক জানান, এই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হওয়ার দরুণ হাসপাতালের উন্নয়নের বিষয়টি তাঁর দেখা উচিত। হাসপাতালে রোগীদের প্যাথলজিক্যাল কোনও পরীক্ষা করার প্রয়োজন হলে অনেক দূরে গিয়ে বাইরে কোনও সেন্টারে অর্থের বিনিময়ে করতে হতো। সেই কারণে, হাসপাতালে বিনামূল্যে এই পরিষেবা চালু করার ব্যাপারে উদ্যোগ নিলেন তিনি।
এই উদ্যোগের ফলে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর এলাকার রোগীদের অনেক সুবিধা হবে। দূরবর্তী স্থানে যেতে হবে না তাদের।