‘আমাদের দিনহাটা বাহিনী আছে…’, হুঁশিয়ারি উদয়নের

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বিতর্কিত মন্তব্য নিয়ে উত্তাল কোচবিহার। গত বিধানসভা নির্বাচনে কোচবিহার থেকে একাধিক কেন্দ্রে হেরে যাওয়ার ক্ষত এবার সারিয়ে তুলতেই হবে বলে কর্মীদের বার্তা দেন তিনি। লোকসভা নির্বাচন বিরোধীদের ঠেকাতে তিনি বলেন, “ওঁদের কেন্দ্রীয় বাহিনী আছে, আমাদের দিনহাটা বাহিনী আছে।” এই বাহিনীকে দিয়ে কেন্দ্রীয় বাহিনীকে হটিয়ে ভেটাগুড়ি আমাদের দখল করতে হবে।”

লোকসভায় কোচবিহার কেন্দ্রটি পুনর্দখলের লক্ষ্যে এদিন উদয়ন গুহ বলেন, “২৪ সালের পরে কোচবিহার থেকে বিজেপি শব্দটি মুছে দেব।” এরপরেই তাঁর নিশানায় নাম না করে উঠে আসে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের প্রসঙ্গ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ভেটাগুড়ি দখলের ডাক দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।

বিজেপির দাবি, নিজেদের এলাকা আগে নিজেদের দখলে রাখুক। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “উদয়ন গুহর মতো লোকেরা কেবল মুখের কথা বলে। তারা কোচবিহারের মানুষকে ভুল বোঝাতে চায়। কোচবিহারের মানুষ এখনও বুঝতে পেরেছে যে তৃণমূল কংগ্রেস তাদের জন্য কিছু করেনি।”