পাওয়া যাচ্ছে না একটি আইসিইউ বেড, ডেঙ্গি আক্রান্ত বৃদ্ধ মাকে নিয়ে হাসপাতালগুলির দ্বারে দ্বারে ছেলে

কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত এক বৃদ্ধার জন্য আইসিইউ বেড পাওয়া যায়নি। বৃদ্ধার ছেলে সৌরিক দত্ত জানান, রবিবার রাত ১২টা থেকে ভোর ৪টে পর্যন্ত একাধিক বেসরকারি হাসপাতালে ঘুরেও কোথাও বেড পাওয়া যায়নি। অবশেষে স্বাস্থ্য কমিশনের হস্তক্ষেপে বৃদ্ধাকে যোধপুর পার্কের একটি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

বৃদ্ধার নাম অনিতা দেবী। তিনি ৬৮ বছর বয়সী। গত ২৫ অক্টোবর ডেঙ্গিতে আক্রান্ত হয়ে যাদবপুরে অরবিন্দ সেবা কেন্দ্রে ভর্তি হন। গত শুক্রবার সেখান থেকে ছাড়া পেলেও রবিবার শ্বাসকষ্ট নিয়ে ফের ওই হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা বৃদ্ধাকে পরীক্ষা করে জানান, কার্ডিওলজি এবং বক্ষ রোগের পরিকাঠামো রয়েছে এমন হাসপাতালে বৃদ্ধাকে নিয়ে যেতে হবে।

বৃদ্ধার ছেলে সৌরিক দত্ত বলেন, “আমরা রাত ১২টা সাড়ে ১২টা থেকে রাতভর বেসরকারি হাসপাতালে ঘুরি। সব জায়গায় বলল বেড নেই। রোগী ক্রিটিকাল, আইসিইউয়ে রাখতে হবে। ভেন্টিলেটর লাগবে বলল। অথচ ফিরিয়ে দিল সকলেই। আমরা স্বাস্থ্য কমিশনে ইমেল করেছি। যদি একটা বেড পাওয়া যায়।”