‘আমরা ভালো পারফর্ম করতে পারিনি, দরকারে সরে যেতে হবে’: মইন আলি

অস্ট্রেলিয়ার কাছে হেরে ইংল্যান্ডের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর অফ-স্পিন অলরাউন্ডার মইন আলি বলেছেন, দলের মধ্যে আত্মবিশ্বাসের অভাব ছিল।

মইন আলি বলেন, “আমি একজন খেলোয়াড় হিসেবে হতাশ এবং আমি মনে করি আমরা শুরু থেকেই এই টুর্নামেন্টে ভালো পারফর্ম করতে পারিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচটি দলের মধ্যে আত্মবিশ্বাসের অভাবটাকে পরিষ্কার করে দেখিয়েছিল।”

তিনি আরও বলেন, “আমি মনে করি আমদের সম্ভবত খুব বেশি কিছু করার চেষ্টা করেছিলাম। এবং বিশেষ করে খেলোয়াড় হিসেবে আমরা সত্যিই আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করেছিলাম এবং তারপরে আমরা কিছুটা চাপ সহ্য করার চেষ্টা করেছিলাম।”

মইন আলি মনে করেন, ইংল্যান্ড দলকে আবার নতুন করে শুরু করতে হবে। তিনি বলেন, “আমি স্পষ্টতই জোস এবং মোটির সাথে কথা বলতে যাচ্ছি এবং দেখব তারা আমার কাছ থেকে কী চায়। যদি তারা বলে, ‘দেখুন আমরা তরুণ খেলোয়াড়দের সঙ্গে যেতে চাই এবং আবার শুরু করব’ তাহলে আমি আরও বেশি খুশি হব। আমি এটা বুঝতে পেরেছি যে সবকিছু যখন একটা পর্যায়ে শেষ হয়ে যায় তখন সেটা ভালোর জন্যেই হয়। কারণ সেটা আবার নতুন করে শুরু হয়।”

ইংল্যান্ড ২০২৩ সালের পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে। তারা এখন পর্যন্ত ছয়টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয়লাভ করেছে।