কাজে খুশি হয়ে, দীপাবলিতে কর্মীদের নতুন গাড়ি উপহার দিলেন মালিক

কাজে খুশি হয়ে কর্মীদের নতুন গাড়ি উপহার দিয়েছেন এক ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিক। সেটিও আবার একজন বা দুজনকে নয়। নতুন গাড়ি উপহার দেওয়া হয়েছে ১২ জন কর্মীকে।

এমনকি নতুন এই গাড়ি উপহার পাওয়া কর্মীদের মধ্যে অফিসের একজন হেলপার বা সহায়ক কর্মীও রয়েছেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যে। আসন্ন দীপাবলির আগে পাওয়া এই উপহারে কর্মীরাও বেশ খুশি।

গত শুক্রবার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, হরিয়ানার একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিক তার কর্মীদের দীপাবলির উপহার হিসেবে নতুন গাড়ি উপহার দিয়েছেন। মিটসকার্ট নামে হরিয়ানার ওই সংস্থার চেয়ারম্যান এম কে ভাটিয়া তার অফিসের হেলপারসহ মোট ১২ জন কর্মচারীর কাছে একেবারে নতুন টাটা পাঞ্চ গাড়ির চাবি হস্তান্তর করেছেন।