জমি নিয়ে বিবাদের জেরে খুন, স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী ও প্রতিবেশী গ্রেফতার

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এলাকায় জমি নিয়ে বিবাদের জেরেই এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল তাঁর স্ত্রী এবং সন্তানের বিরুদ্ধে। গত ২২শে অক্টোবর অষ্টমীর দিন জলাশয় থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি রহমান গায়েনের নামে বেশ কিছু জমিজমা ছিল। জমি নিয়ে পরিবারে বিবাদ ছিল। রহমান গায়েন তাঁর স্ত্রী এবং সন্তানকে সেই জমি না দিয়ে বিক্রি করছিলেন বলে দাবি করা হচ্ছে। সেই নিয়েই পারিবারিক বিবাদ। তার জেরেই স্ত্রী ও সন্তান মিলে বালিশ চাপা দিয়ে তাঁকে খুন করে বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।

ঘটনার দিন রাতেই দেহকে বস্তাবন্দি করে ভাঙড় থেকে বাইকে করে নিয়ে এসে দেহ ফেলে যায়। ধৃত স্ত্রী ফতেমা বিবি ও প্রতিবেশী যুবক রিন্টু মোল্লা। ছেলে পলাতক। তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পুলিশের দাবি, দেহটি পাওয়ার পর ময়নাতদন্তে খুনের তত্ত্ব উঠে আসে। দেহটি চিহ্নিতকরণ করা হয়। এরপরেই মৃত ব্যক্তির স্ত্রী ও সন্তানের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তদন্ত চালিয়ে এরপর মৃত ব্যক্তির স্ত্রী ফতেমা বিবি এবং দেহ লোপাটের কাজে সাহায্যকারী রিন্টু মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।

এই ঘটনায় এখনও পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে তোলা হবে। তদন্ত চালিয়ে যাওয়া হচ্ছে। এর সঙ্গে আর যারা জড়িত তাদেরকেও গ্রেফতার করা হবে বলে জানান পুলিশ।