‘BJP-র নির্দেশেই তলব…’, ED হাজিরা এড়িয়ে মধ্য প্রদেশে প্রচারে ব্যস্ত কেজরিওয়াল?

অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার ED-র তলব এড়িয়ে ভোট প্রচার শুরু করলেন। আবগারি দুর্নীতি মামলায় এদিন দিল্লির CGO কমপ্লেক্সে তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। তবে তিনি এদিন হাজিরা দেননি।

এর আগে, ED-কে চিঠি লিখে কেজরিওয়াল বলেছিলেন যে, এই তলব রাজনৈতিক মদতপুষ্ট এবং বেআইনি। তিনি অভিযোগ করেন যে, বিজেপি-র আর্জি মেনেই ED তাঁকে সমন পাঠিয়েছে।

এদিকে, ED-র তলব এড়িয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর দিল্লির আপ সরকারের বিরুদ্ধে ED-র তল্লাশি অভিযান শুরু হয়। অরবিন্দ কেজরিওয়ালের হাজিরার আগেই তল্লাশি অভিযান শুরু হয় তাঁর মন্ত্রিসভার সদস্য রাজকুমার আনন্দের বাড়ি। দিল্লির শ্রমমন্ত্রীর দফতর সহ বিভিন্ন ঠিকানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির একটি দল অভিযান চালায়।

সূত্রের খবর, বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগের তথ্যপ্রমাণ পেতেই দিল্লির শ্রমমন্ত্রী রাজকুমারের সিভিল লাইন্‌স এলাকার সরকারি আবাসন সহ মোট ন’টি ঠিকানায় হানা দেওয়া হয়েছে।

আপ নেত্রী অতিসি বুধবার বলেছিলেন, ‘আমাদের সঙ্গে রাজনৈতিক লড়াইয়ে BJP পেরে উঠছে না। অরবিন্দ কেজরিওয়ালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয় পাচ্ছেন। তাই কেন্দ্রীয় সংস্থাগুলিকে কাজ লাগিয়ে আমাদের নেতাদের মিথ্যা মামলায় জড়িয়ে জেলে ঢোকানো হচ্ছে।’

দিল্লির BJP নেতৃত্বের তরফে ইতিমধ্যেই অভিযোগ তোলা হয়েছে, গ্রেফতারির ভয়েই জিজ্ঞাসাবাদ এড়িয়েছেন কেজরি।

এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।