ব্রিটেনে লেখিকা নন্দিনীর জয়জয়কার, জিতলেন ব্রিটিশ অ্যাকাডেমি বুক প্রাইজ

ভারতীয় বংশোদ্ভুত লেখিকা নন্দিনী দাস তাঁর বই “কোর্টিং ইন্ডিয়া: ইংল্যান্ড, মুঘল ইন্ডিয়া অ্যান্ড দ্য অরিজিন্স অফ এম্পায়ার”-এর জন্য ব্রিটিশ অ্যাকাডেমি বুক প্রাইজ জিতেছেন। এই পুরস্কারটি সাহিত্যের বাইরে কাজগুলিকে উৎসাহিত করার জন্য দেওয়া হয়।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষার অধ্যাপিকা নন্দিনী দাস তাঁর বইটিতে ভারতে প্রথম ব্রিটিশ দূত হিসেবে টমাসো রো-এর আগমন এবং ভারত ও ব্রিটেনের মধ্যে তৈরি হওয়া সম্পর্কের বিষয়টি তুলে ধরেছেন। বইটিতে একটি নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন তিনি।
ব্রিটিশ অ্যাকাডেমির চেয়ারম্যান চার্লস ট্রিপ বলেছেন যে নন্দিনীর বইটিতে ভারত ও ব্রিটিশ রাজনৈতিক ব্যক্তিত্ব, আধিকারিক এবং বণিকদের প্রসঙ্গ তুলে ধরে একটি অপূর্বমাত্রা দিয়েছেন। এর মাধ্যমে অনেক ভুলবোঝাবুঝির অবসান হয়েছে বলে মনে করছেন তিনি।
ব্রিটিশ অ্যাকাডেমির প্রেসিডেন্ট জুলিয়া ব্ল্যাক বলেছেন, অ্যাকাডেমির ১১ তম বর্ষে এবার সম্মানিত করা হল ভারতীয় বংশোদ্ভুত লেখিকাকে। প্রতি বছরে সীমানা এবং সংস্কৃতি পরিয়ে এই পুরস্কার দেওয়া হয় বলে জানিয়েছেন তিনি।
নন্দিনীর বেড়ে ওঠা ভারতে। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক হন। এরপর তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন। পরবর্তীকালে কেমব্রিজের ট্রিনিটি কলেজে থেকে এম.ফিল এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরে তিনি লিভারপুল বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করেন।