ভারতীয় পড়ুয়াকে ছুরি মেরে খুনের চেষ্টা, আমেরিকায় গ্রেফতার অভিযুক্ত

আমেরিকার ইন্ডিয়ানা প্রদেশে এক ভারতীয় পড়ুয়াকে ছুরি মেরে খুনের চেষ্টা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে ভালপারাইসো শহরের একটি বেসরকারি জিমে। আহত পড়ুয়ার নাম বরুণ, বয়স ২৪ বছর।

জিমে শারীরিক কসরতের সময় আততায়ী জোরডান আন্দ্রে ছুরি হাতে বরুণের উপর হামলা চালায়। ছুরিকাঘাত করে সেখান থেকে পালিয়ে যায়।

বরুণের চিৎকারে জিমের মধ্যে থাকা অন্যরা ছুটে আসে। রক্তাক্ত অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, বরুণের অবস্থা গুরুতর।

পুলিশ অভিযুক্ত আন্দ্রেকে গ্রেফতার করেছে। আন্দ্রে পুলিশকে জানিয়েছে, বরুণকে জিমের অন্য একটি ঘরে নিয়ে যাওয়ায় তার সন্দেহ হয়েছিল। এই সময় দু’জনের মধ্যে বচসা হয় এবং ক্ষেপে গিয়ে সে বরুণকে ছুরিকাঘাত করে।